ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রেদোয়ানের লাশ উত্তোলনের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ছাত্র রেদোয়ান আহমেদের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।আজ বুধবার বিকেলে ঢাকার মুখ্য মহানগর হাকিম এ কে এম এনামুল হক পিরোজপুর জেলা প্রশাসককে এ আদেশ দেন।জানা গেছে, গত শনিবার রাজধানীর মতিঝিল এলাকায় অ্যালিকো ভবনের সামনে সড়ক দুর্ঘটনার শিকার হন রেদোয়ান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান তিনি। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিস্থিতি অবনতির আশঙ্কায় রেদোয়ানের আত্মীয়স্বজনের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত না করেই পিরোজপুর জেলার ভান্ডারিয়ায় গ্রামের বাড়িতে রেদোয়ানের লাশ দাফন করা হয়।রেদোয়ানের মৃত্যু নিয়ে প্রশ্ন ওঠায় মামলার তদন্ত কর্মকর্তা সমীর চন্দ্র সূত্রধর গতকাল মঙ্গলবার লাশ উত্তোলন করে ময়নাতদন্তের আবেদন জানান। আদালত আজ শুনানি শেষে এই আদেশ দেন।উল্লেখ্য, রেদোয়ানের মৃত্যু ও ক্যাম্পাসে ভাঙচুরের ঘটনায় মোট তিনটি মামলা হয়েছে। এর মধ্যে রোববার রাতে একটি মামলা করেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) শেখ মহসীন আলম। মামলায় ১০ জন ছাত্রের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা শতাধিক ছাত্রের বিরুদ্ধে গাড়ি ভাঙচুরের অভিযোগ আনা হয়।অন্যদিকে ক্যাম্পাসে ভাঙচুরের অভিযোগে শাহবাগ থানায় একটি এবং হত্যার অভিযোগে মতিঝিল থানায় একটি মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মামলা দুটির বাদী বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা শেখ মো. কামরুল আহসান। হত্যা মামলায় হিমেল পরিবহনের অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।