ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে ধাক্কা দেওয়ায় গাড়িতে আগুন
একটি প্রাইভেট কার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রকে ধাক্কা দেওয়ায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গাড়িটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে। আহত ছাত্রের নাম সাধন কুমার দাশ। তিনি মনোবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, আজ দুপুর সোয়া ১২টার দিকে জগন্নাথ ও শামসুন্নাহার হলের মাঝখানের রাস্তায় একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-২৫৮১৬৫) সাধন কুমার দাশকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা যাত্রীসহ গাড়িটিকে হাসপাতালে এনে ভাঙচুরের একপর্যায়ে আগুন ধরিয়ে দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনার জের ধরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দুপুর দুইটার দিকে শহীদ মিনার-টিএসসি সড়ক এবং জগন্নাথ হল ও কেন্দ্রীয় মসজিদের সামনে মোট ১৫টি প্রাইভেট কার ভাঙচুর করেছে। ভাঙচুরের একপর্যায়ে টিএসসির সামনে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। পুলিশ জানায়, গাড়ির চার যাত্রীকে শাহবাগ থানায় নিয়ে আসা হয়েছে।