ট্রাফিক সিগন্যাল মানা না-মানাকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার রাজধানীর রাসেল স্কয়ারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। এ সময় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় যান চলাচল।পরে রাতে পুলিশের সার্জেন্ট মো. ফোরকান হোসেন অজ্ঞাতনামা ১০০ জনকে আসামি করে পুলিশের ওপর হামলা ও গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে মামলা করেছেন।বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি করেছেন, লাল বাতি জ্বলে ওঠার আগ মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের বাস দ্রুত গতিতে টান দেয়। তবু পুলিশ বাসের চালককে লক্ষ্য করে কটূক্তি করে এবং শিক্ষার্থীদের চড় দেখায়। এতে তাঁরা উত্তেজিত হয়ে ওঠেন এবং একপর্যায়ে সংঘর্ষ বাধে।পুলিশ বলছে, সিগন্যাল অমান্য করায় গাড়ি দাঁড় করাতে বলায় শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর হামলা করেছেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহত ছাত্ররা হচ্ছেন দর্শন বিভাগের মোস্তাফিজুর রহমান, ইন্টারন্যাশনাল বিজনেসের এমবিএর ছাত্র শফিউল আজম, গণিত বিভাগের শিক্ষার্থী দ্বীপ ও বিশ্ব ধর্মতত্ত্ব বিভাগের মইনুদ্দিন চিশতী। এঁদের মধ্যে মোস্তাফিজ ও শফিউলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়।পুলিশের আহত সদস্যদের মধ্যে রয়েছেন সহকারী কমিশনার (ট্রাফিক) জামাল পাশা, সার্জেন্ট মাজাহারুল ইসলাম, সার্জেন্ট ফোরকান আলী, কনস্টেবল সমীর হোসেন ও কনস্টেবল যুধিষ্ঠির মণ্ডল। এঁরা রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।ঘটনার পর পর আহত ছাত্র মইনুদ্দিন চিশতী প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী চৈতালি বাসটি সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর থেকে রাসেল স্কয়ারে পৌঁছায়। বাসযাত্রী অনেক শিক্ষার্থীর ক্লাস ও পরীক্ষা থাকায় লাল বাতি জ্বলে ওঠার ঠিক আগ মুহূর্তে বাসটি দ্রুত বেগে সিগন্যাল পার হওয়ার চেষ্টা করে। তখন পুলিশের একজন কনস্টেবল বাসের চালককে গালি দেন। শিক্ষার্থীরা কনস্টেবলের কাছে গালি দেওয়ার কারণ জানতে চাইলে ওই কনস্টেবল ছাত্রদের চড় দেখান। এতে ছাত্ররা ক্ষুব্ধ হয়ে বাস থামিয়ে নিচে নামেন। এ সময় পুলিশ সদস্যদের মধ্যে একজন মোস্তাফিজের শার্টের কলার ধরে টান দেন। এ নিয়ে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে কথা-কাটাকাটি থেকে হাতাহাতি এবং একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। পুলিশ তিন ছাত্রকে রাস্তায় ফেলে পেটায় বলে দাবি করেন ছাত্ররা।প্রত্যক্ষদর্শীরা জানান, হাতাহাতি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই মিরপুর থেকে চৈতালির দ্বিতীয় বাস ঘটনাস্থলে পৌঁছায়। ওই বাসের ছাত্ররাও মারামারিতে অংশ নেন। একপর্যায়ে পুলিশ পিছু হটে। এ সময় ছাত্ররা পুলিশের একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়।বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে করা লিখিত অভিযোগে শিক্ষার্থীরা দাবি করেছেন, সিগন্যাল পার হওয়ার সময় পুলিশ বিশ্ববিদ্যালয়ের বাস তল্লাশি করার জন্য দাঁড় করাতে বলে। এর প্রতিবাদ করলে পুলিশ তাঁদের ওপর হামলা করে।কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) আশিকুর রহমান জানান, বাসটি সিগন্যাল অমান্য করায় পুলিশের একজন সার্জেন্ট গাড়িটি আটকান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়ি কেন আটক করা হবে—এমন যুক্তিতে শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে নেমে পুলিশের ওপর চড়াও হন। পরে খবর পেয়ে পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক) জামাল পাশা, কলাবাগান ও ধানমন্ডি থানা থেকে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ঘটনা সামাল দেওয়ার চেষ্টা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, সিগন্যাল অমান্য করলে গাড়ি দাঁড় না করিয়ে পুলিশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি জানাতে পারত। কর্তৃপক্ষ তখন বিষয়টি খতিয়ে দেখত। এতে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি এড়ানো যেত।