ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে এবারের ঈদুল আযহার আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদে প্রিয়জনের সঙ্গে মিলিত হতে কার না মন চায়। কিন্তু পারিপার্শ্বিক কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থীর তা হয়ে ওঠে না। ঈদের দিন নামাজ পড়তে যাওয়া, হলের মামাদের মাংস কাটার ব্যস্ততা দেখা, রান্না শেষে দুপুরে আবাসিক শিক্ষক ও ছাত্রদের মধ্যে তৃপ্তিসহকারে খাওয়া ইত্যাদি। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এবারের সিদ্ধান্তে আমরা অনেকেই হতবাক হয়েছি। ঈদের দুই-তিন দিন আগে নোটিশের মাধ্যমে হলগেটে রক্ষিত খাতায় হলে অবস্থানে ইচ্ছুক ছাত্রদের নাম এন্ট্রি করতে আদেশ দেওয়া হলো। অনেকেই আমরা মনে করলাম, কর্তৃপক্ষ বুঝি এবার আরও উন্নতমানের খাবার পরিবেশন করবে। ঈদুল আজহার সকালে উঠে হলের অনেক কর্মচারী মামারই গোমড়া মুখ লক্ষ করলাম। কোরবানির গরুর কথা জিজ্ঞেস করতেই তারা মুখ আরও ভার করে বললেন, ‘হলে কোরবানি হবে না।’ নামাজ পড়ে হলে ফিরে কিছুক্ষণের মধ্যেই ঘণ্টা বাজিয়ে খাবারের জন্য ডাক দেওয়া হলো। সবাইকে দাঁড়িয়ে প্রাইমারি ছাত্রদের মতো রোল নম্বর ডেকে খাবারের ‘প্যাকেট’ দেওয়া হলো। যারা নাম এন্ট্রি করতে ভুলে গিয়েছিল তাদের দাঁড় করিয়ে রাখা হলো, যেন ক্লাস ফাঁকি দেওয়া ছাত্র। শেষে নাকি তাদের খাবার দেওয়া হয়েছিল। যা হোক, প্লাস্টিকের প্যাকেট খুলে অনেকেরই চোখে জল এল, বাড়ির কথা মনে হলো। তাতে চার-পাঁচ টুকরো মাংস আর ঘাম ধরে ওঠা সাদা বিরানি। এর সঙ্গে ২৫০ মিলিলিটারের একটি কোমল পানীয়ের বোতল।অথচ গত কোরবানির ঈদেও হলে হলে গরু কোরবানি করা হয়েছিল। খাবার টেবিলে সবাই একসঙ্গে বসে তৃপ্তিসহকারে খেয়েছি সবজি, সালাদ, পর্যাপ্ত মাংস, পানীয় ইত্যাদি। অনেক মামা আক্ষেপ করে জানালেন, তাঁদের অনেকেই ব্যক্তিগতভাবে কোরবানি দিতে পারেন না। ফলে তাদের পরিবারের অনেক সদস্য আসত কোরবানির মাংস খেতে। কিন্তু এ ঈদে তা আর হয়ে উঠল না। অথচ ১৩ নভেম্বর প্রথম আলোর ‘ঢাকায় থাকি’ ক্রোড়পত্রে প্রকাশিত প্রতিবেদনে দেখতে পেলাম, কর্তৃপক্ষ মনে করছে, এবারের ঈদুল আজহায় নাকি অনেক অর্থ সাশ্রয় হয়েছে। কী চমৎকার যুক্তি! ভবিষ্যতে যখন ঈদ আসবে, তখন কি আরও অর্থ সাশ্রয়ের জন্য নোটিশ জারির মাধ্যমে শিক্ষার্থীদের বাড়ি পাঠিয়ে দেওয়া হবে? ঈদে-পার্বণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটু অর্থ খরচ হলে কি বড় ক্ষতি হয়েযায়?জয়নুল আবেদিনআবাসিক শিক্ষার্থী কবি জসীমউদ্দীন হলঢাকা বিশ্ববিদ্যালয়।