ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, তিন ইউপি সদস্যসহ নিহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে গতকাল শনিবার সড়ক দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীসহ চারজন নিহত হয়েছেন। একই দিন দিনাজপুরের সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী একই ইউনিয়ন পরিষদের (ইউপি) দুজন নারীসহ তিন সদস্য নিহত হয়েছেন।ফেনীর মহিপাল হাইওয়ে পুলিশ জানায়, গতকাল ভোর চারটার দিকে কক্সবাজার থেকে ঢাকাগামী ‘সেন্ট মার্টিন সার্ভিসের’ একটি নৈশকোচ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেপুর রেলগেট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রেলের প্রহরী বক্সের সঙ্গে ধাক্কা খেয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত ও ৩৫ জন আহত হন। নিহত ব্যক্তিরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্রী নাদিয়া সুলতানা (২৪), ঢাকার হাতিরপুল এলাকার খলিলুর রহমান (৫০), উত্তর মুগদাপাড়ার দেলোয়ার হোসেন (২৮) ও পূর্ব নাখালপাড়া সিঅ্যান্ডবি কোয়ার্টারের শহিদুল ইসলাম (২৭)।আহত ব্যক্তিদের অনেককে ফেনী সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ও গুরুতর আহতদের ঢাকায় পাঠানো হয়েছে।নিহত ও আহতদের বেশির ভাগই পর্যটক ছিলেন। তাঁরা ঈদের আগে ও পরে কক্সবাজার বেড়াতে গিয়েছিলেন। কক্সবাজার থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।হাসপাতালে চিকিৎসাধীন আহত যাত্রী শাহ আলম ও তানভীর ইসলাম অভিযোগ করেন, তাঁদের থেকে ‘দিগন্ত পরিবহনের’ কথা বলে জনপ্রতি এক হাজার ২০০ টাকা করে অগ্রিম ভাড়া নিয়ে টিকিট দেওয়া হয়। কিন্তু পরিবহন মালিকেরা প্রতারণা করে তাঁদের ‘সেন্ট মার্টিন পরিবহনের’ একটি নৈশকোচে তুলে দেন। নৈশকোচটি রাত সাড়ে ১০টায় কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। পথে চকরিয়া এলাকায় গাড়ি নষ্ট হয়ে যায়। আধ ঘণ্টা পর আবার যাত্রা শুরু করে। পরে তাঁরা এ দুর্ঘটনার কবলে পড়েন। নাদিয়া সুলতানার গ্রামের বাড়ি চাঁদপুরের মতলবে। তার বাবা নাজির হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অণুজীব বিজ্ঞান বিভাগের সিনিয়র স্টোর অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। নাদিয়ার মৃত্যুর খবর শুনে গতকাল সকালে তাঁর সহপাঠী ও শিক্ষকেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জড়ো হন। সেখান থেকে আজ রোববার বেলা ১১টায় নাদিয়ার মৃত্যুর প্রতিবাদ ও সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করবেন তাঁরা। নাদিয়ার মরদেহ বারডেমের মর্গে রাখা হয়েছে। প্রবাসে থাকা তাঁর স্বামী দেশে ফেরার পর দাফন সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।এদিকে দিনাজপুরের ৫ নম্বর শশড়া ইউপি সূত্র জানায়, নিহত ব্যক্তিরা হলেন ৫ নম্বর শশড়া ইউপির ১, ২ ও ৩ ওয়ার্ড থেকে সংরক্ষিত নারী আসনে তিনবার নির্বাচিত সদস্য জোবেদা খাতুন (৪৫) এবং ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড থেকে দুবার নির্বাচিত সদস্য নোবেদা খাতুন (৬০) এবং ১ নম্বর ওয়ার্ডের সদস্য রবিউল ইসলাম (২৬)।প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলার ভবাইনগর এলাকা দিয়ে যাওয়ার সময় দিনাজপুরগামী একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি রাস্তার পাশে ধানখেতে ছিটকে পড়ে। পরে গুরুতর আহত অবস্থায় ওই তিনজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোল্লা হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেনসহ প্রশাসন, পুলিশ ও জনপ্রতিনিধিরা হাসপাতালে ছুটে যান।ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি হাসান ইকবাল জানান, পুলিশ ট্রাকটিকে খুঁজে বের করার চেষ্টা করছে।(প্রতিবেদনটিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক)