ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মুক্তি দাবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিভাগের মাস্টার্সের ছাত্র আবদুল কাদেরকে নিরপরাধ দাবি করে তাঁর মুক্তির জন্য আজ মঙ্গলবার অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করেছে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।গত ১৫ জুলাই রাতে আবদুল কাদেরকে আটক করে খিলগাঁও থানা পুলিশ। খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলম বাদশা তাঁর বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে দুটি মামলা করেছেন। আবদুল কাদের বর্তমানে কারাগারে রয়েছেন।পুলিশের অভিযোগে উল্লেখ করা হয়েছে, ১৫ জুলাই রাত সাড়ে তিনটার দিকে খিলগাঁও এলাকার সি-ব্লকে একটি প্রাইভেট গাড়িতে পাঁচ-ছয়জন যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশ তাঁদের চ্যালেঞ্জ করে। পরে গাড়িটি থেকে আবদুল কাদের ও অপর একজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। তাঁদের ব্যবহূত গাড়ি তল্লাশি করে চাপাতি ও ছোরা উদ্ধার করা হয়।তবে আবদুল কাদেরের পরিবার পুলিশের এই অভিযোগ অস্বীকার করেছে। কাদেরের বোন জান্নাতুল মাওয়া দাবি করেছেন, তাঁর ভাই ওই দিন রাত সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত হলি ফ্যামিলি হাসপাতালের স্টাফ কোয়ার্টারে তাঁদের এক আত্মীয়ের বাসায় অবস্থান করছিলেন। সেখান থেকে হেঁটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে আসার সময় দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ের সামনে থেকে পুলিশ তাঁকে আটক করে। পরে তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আবদুল কাদেরের পরিবারের এই দাবির সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা সহমত জানিয়েছেন। তবে এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান বলেন, বিষয়টি যেহেতু আদালত পর্যন্ত গড়িয়েছে, সুতরাং সেখানেই সত্য-মিথ্যার মীমাংসা হবে।