ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের লাশ উদ্ধার
ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও ও কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক হাসান ইকবাল ওরফে সজীব (২৫) ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন।জামালপুর রেলওয়ে থানা পুলিশ আজ বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ সদর উপজেলার বিদ্যাগঞ্জ রেলওয়ে স্টেশনের কাছ থেকে সজীবের লাশ উদ্ধার করে। ছাত্র ইউনিয়ন তাঁর মৃত্যুর ঘটনায় তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ছাত্র সজীব শহীদুল্লাহ হলের ১২১ নম্বর কক্ষে থাকতেন। তাঁর গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। বেশ কয়েকটি ঘটনায় তিনি মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ছিলেন। গত সোমবার তিনি ময়মনসিংহ সদর উপজেলার বিদ্যাগঞ্জের নামাপাড়া এলাকায় তাঁর এক বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। ভোরে স্থানীয় লোকজন বিদ্যাগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে এক কিলোমিটার দূরে ট্রেনে কাটা তাঁর ছিন্ন ভিন্ন লাশ দেখে রেলওয়ে পুলিশকে খবর দেয়।ছাত্র ইউনিয়ন ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মনসুর আল হাদী প্রথম আলো অনলাইনকে জানান, সজীব বিদ্যাগঞ্জ রেলস্টেশন থেকে রেললাইন ধরে হাঁটতে হাঁটতে ময়মনসিংহের দিকে আসছিলেন। প্রায় এক কিলোমিটার আসার পর ময়মনসিংহ আউটার স্টেশনের কাছে তিনি ট্রেনে কাটা পড়েন। পরে স্থানীয় লোকজন লাশের পাশে পড়ে থাকা মোবাইল ফোন থেকে সজীবের বন্ধু ও পরিবারের সঙ্গে যোগাযোগ করে। খবর পেয়ে জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ পুলিশ নিয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য জামালপুরে নেওয়া হয়েছে।ওসি খন্দকার শাকের আহমেদ প্রথম আলোকে জানান, নিহত সজীবের পরনে কালো টিশার্ট ও ট্রাউজার ছিল। তাঁর দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেছে। সজীব কীভাবে মারা গেলেন, সেটি তদন্ত করা হচ্ছে।সজীবের মৃত্যুতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি ফেরদৌস আহমেদ ও সাধারণ সম্পাদক এস এম শুভ গভীর শোক প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তাঁরা বলেন, ‘সজীবের মৃত্যুতে ছাত্র ইউনিয়ন পরিবার এক সূর্যসন্তানকে হারাল আর ছাত্র-আন্দোলন ও সমাজপ্রগতির আন্দোলন থেকে ঝরে গেল এক অমিত সম্ভাবনাময় প্রাণ।’ফেরদৌস আহমেদ প্রথম আলোকে জানান, সজীবের মৃত্যুতে ছাত্র ইউনিয়ন কালো ব্যাজ ধারণ, দলীয় পতাকা অর্ধনমিত ও শোকসভাসহ তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে।