ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন নির্বাচনে নীল দলের সংখ্যাগরিষ্ঠতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০টি অনুষদের ডিন নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আওয়ামী লীগ-বামসমর্থিত শিক্ষকদের প্যানেল নীল দল। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত এ নির্বাচনে ছয়টি অনুষদে তাদের মনোনীত প্রার্থী জয়ী হন। বাকি চারটি অনুষদে জয়ী হন বিএনপি-জামায়াতসমর্থিত শিক্ষকদের প্যানেল সাদা দল মনোনীত প্রার্থী।বেলা ১১টা থেকে দুইটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়। এক হাজার ১৩৫ জন ভোটারের মধ্যে ভোট দেন এক হাজার ৯০ জন। গণনা শেষে বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও নির্বাচন কমিশনার অধ্যাপক মীজানুর রহমান ফলাফল ঘোষণা করেন। বিজ্ঞান অনুষদে নীল দলের প্রার্থী মো. ইউসুফ আলি মোল্লা ৭৬ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা দলের তাজমেরি এস এ ইসলাম পান ৪৯ ভোট। সামাজিক বিজ্ঞান অনুষদে নীল দলের ফরিদ উদ্দিন আহমদ ১২২ ভোট পেয়ে জয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী সাদা দলের মোবাশ্বের মোনেম পান ৬৪ ভোট। জীববিজ্ঞান অনুষদে নীল দলসমর্থিত প্রার্থী শহীদ আকতার হোসেন পান ৮৪ ভোট। অন্যদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী সাদা দলের আবদুল আজিজ পান ৭৬ ভোট। আর্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স অনুষদের সাদা দলের প্রার্থী নাসরিন আহমেদ ২৪ ভোট পেয়ে জয়ী হন। অপরদিকে সাদা দলের শাহনাজ হক হোসেন পান ১৪ ভোট। চারুকলা অনুষদের নীল দলের প্রার্থী মতলুব আলী ৩৮ ভোট পেয়ে জয়ী হন। প্রতিদ্বন্দ্বী সাদা দলের আবদুস সাত্তার পান ১২ ভোট। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের নীল দলের প্রার্থী আহমেদ ইসমাইল মোস্তফা জয়ী হন ৪৩ ভোট পেয়ে। তাঁর প্রতিদ্বন্দ্বী সাদা দলের শাহিদা রফিক পান ২২ ভোট।কলা অনুষদে সাদা প্যানেলভুক্ত প্রার্থী সদরুল আমিন জয়ী হন ১২৩ ভোট পেয়ে। অন্যদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী নীল দলের মো. আখতারুজ্জামান পান ১১২ ভোট। ব্যবসায়িক শিক্ষা অনুষদে সাদা দলের জামাল উদ্দিন আহমেদ ৮২ ভোট পেয়ে হারিয়েছেন প্রতিদ্বন্দ্বী মমতাজ উদ্দিন আহমদকে। তিনি পান ৭৮ ভোট। ফার্মাসি অনুষদের সাদা দলের প্রার্থী মো. হাবিবুর রহমান ২১ ভোট পেয়ে জয়ী হন। অপরদিকে নীল দলের সীতেশ চন্দ্র বাসার পান নয় ভোট। আইন অনুষদে সাদা দলেরই দুজন প্রার্থী পরস্পরের প্রতিদ্বন্দ্বী হওয়ায় তাঁদের মধ্য থেকে তাসলিমা মনসুর (১৮ ভোট) হারিয়েছেন বোরহান উদ্দিনকে (১১ ভোট)।উল্লেখ্য, ২০০৮ সালের ডিন নির্বাচনে নীল দল শুধু চারুকলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে জয়ী হয়েছিল।