ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রের থুরং লা পাস অতিক্রম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী সম্প্রতি হিমালয়ের অন্নপূর্ণার প্রায় ১৮ হাজার ফুট উঁচু থুরং লা পাস অতিক্রম করে এসেছেন। তাঁরা হলেন মার্কেটিং বিভাগের ইব্রাহিম খলিল, সমাজকল্যাণ অনুষদের মোস্তাফিজুর রহমান এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র হাসান আল জুবায়ের।৭ নভেম্বর তাঁরা থুরং লা পাসে বাংলাদেশের পতাকা ওড়ান। এই উদ্যোগের অন্যতম পৃষ্ঠপোষক ছিল বাংলাদেশ বিমান।শিক্ষার্থীদের এই অভিযান নেপালের কাঠমান্ডু থেকে গত ৩০ অক্টোবর শুরু হয়। পরদিন তাঁরা অন্নপূর্ণা ট্রেইলের ভুলভুলে থেকে যাত্রা শুরু করেন। পরে তাঁরা অন্নপূর্ণা ট্রেইলের জগত, ধারাপানি, চামে, হুমদে, ইয়াক খারকা ইত্যাদি গ্রামে অবস্থান করে থুরং ফেডিতে পৌঁছান। সেখান থেকে ৭ নভেম্বর ভোররাত তিনটায় রওনা দিয়ে সকাল নয়টায় ১৭ হাজার ৭৬৯ ফুট উঁচু থুরং লা পাস অতিক্রম করেন। এরপর তাঁরা মুক্তিনাথ, জমসম, ঘাসা হয়ে বেনি উপশহর দিয়ে অন্নপূর্ণার এই ট্রেইলে ট্রেকিং শেষে পোখারা হয়ে কাঠমান্ডু ফিরে আসেন।তিন অভিযাত্রী তাঁদের অভিজ্ঞতার বর্ণনা করে বলেন, ‘আমাদের তিনজনের জীবনেই এ ছিল এক অন্য রকম পাওয়া। আমাদের এভারেস্ট অভিযানের প্রথম ধাপ আল্লাহর রহমতে সফলভাবে অতিক্রম হয়েছে।’শিক্ষার্থীদের এই অভিযানের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি জীবনে যে কঠিন চ্যালেঞ্জও নিতে পারে, তা প্রমাণিত হলো। এর মাধ্যমে তাদের আত্মবিশ্বাস বাড়বে ও যেকোনো ক্ষেত্রে এগিয়ে যেতে পারবে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষাকেন্দ্রের পরিচালক শওকতুর রহমান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিম এভারেস্টের উদ্যোগের শুভ সূচনা হয়েছে। এর মাধ্যমে ২০১৪ সালের মধ্যে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে এভারেস্ট অভিমুখে অভিযান পরিচালনা করার পথ সুগম হলো। এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীমের তত্ত্বাবধানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমন উদ্যোগ এই প্রথম নেওয়া হলো।