ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক চাকরিচ্যুত
কর্তৃপক্ষকে না জানিয়ে দেশের বাইরে যাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। একই সঙ্গে বিভাগীয় চেয়ারম্যানের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করার অভিযোগে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক শিক্ষককে বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়েছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।চাকরিচ্যুত দুই শিক্ষক হলেন অধ্যাপক এ জেড এম আনিসুর রহমান ও সহযোগী অধ্যাপক নুরুল হক। আর বাধ্যতামূলক ছুটিতে যাওয়া শিক্ষকের নাম অধ্যাপক হাসানুজ্জামান চৌধুরী। উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রথম আলোকে বলেন, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ওই দুই শিক্ষক কর্তৃপক্ষকে কিছু না জানিয়েই দেশের বাইরে যান। এটি বিশ্ববিদ্যালয়ের আইনের লঙ্ঘন এবং গর্হিত কাজ। ঁতাদের খোঁজে গঠিত তদন্ত কমিটি এর সত্যতা পেয়েছে। তাই চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান শওকত আরা হোসেন বিভাগীয় শিক্ষক হাসানুজ্জামানের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ আনেন। বিভাগীয় কাজ সুশৃঙ্খলভাবে পরিচালনার স্বার্থে তাঁকে বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়েছে। একই সঙ্গে অভিযোগ তদন্তে ছয় সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে বলে তিনি জানান।এদিকে হাসানুজ্জামানের বিষয়ে শওকত আরা হোসেন বলেন, ৪ আগস্ট বিভাগের সিঅ্যান্ডটি কমিটির সভায় হাসানুজ্জামান তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছিলেন। তবে এ বিষয়ে তিনি আর কোনো কথা বলতে রাজি হননি।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিষয়ে হাসানুজ্জামান বলেন, ‘আমি বিস্মিত হয়েছি। ওই সভায় তো আমি একটি শব্দও করিনি। তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণের তো প্রশ্নই উঠে না।’