ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিহত ছাত্র রেদোয়ানের লাশ উত্তোলনের আবেদন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ছাত্র রেদোয়ান আহম্মেদের লাশ উত্তোলনের আবেদন করা হয়েছে। মতিঝিল থানার উপ-পরিদর্শক সমীর চন্দ্র সূত্রধর আজ মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ আবেদন করেন। কাল বুধবার এ বিষয়ে শুনানি হতে পারে।আজ আদালতে করা আবেদনে বলা হয়, গত শনিবার রাজধানীর মতিঝিল এলাকায় আলিকো ভবনের সামনে সড়ক দুর্ঘটনার শিকার হন রেদোয়ান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান তিনি। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিস্থিতি অবনতির আশঙ্কায় নিহতের আত্মীয়স্বজনের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত না করেই দিয়ে দেওয়া হয়। পিরোজপুর জেলার ভান্ডারিয়া গ্রামের বাড়িতে নিহত রেদোয়ানের লাশ দাফন করা হয়। এ নিয়ে বিভিন্ন মহল ও ছাত্রদের মাঝে বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য পিরোজপুর জেলা প্রশাসকের মাধ্যমে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ উত্তোলন করে ময়নাতদন্ত করা প্রয়োজন।উল্লেখ্য, রেদোয়ানের মৃত্যু এবং ক্যাম্পাসে ভাঙচুরের ঘটনায় মোট তিনটি মামলা হয়েছে। এর মধ্যে রোববার রাতে একটি মামলা করেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ মহসীন আলম। মামলায় ১০ জন ছাত্রের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা শতাধিক ছাত্রের বিরুদ্ধে গাড়ি ভাঙচুরের অভিযোগ আনা হয়।অন্যদিকে ক্যাম্পাসে ভাঙচুরের অভিযোগে শাহবাগ থানায় একটি এবং হত্যার অভিযোগে মতিঝিল থানায় আরেকটি মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মামলা দুটির বাদী বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা শেখ মো. কামরুল আহসান। হত্যা মামলায় হিমেল পরিবহনের অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।