ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রীর দায়ের করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক জাফর আহমেদ খানকে আজ সোমবার গ্রেপ্তার করেছে শাহবাগ থানা-পুলিশ।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ‘স্ত্রী রেবেকা পারভীনের দায়ের করা মামলায় জামিন নিতে জাফর আহমেদ খান আজ হাইকোর্টে যান। জামিন নামঞ্জুর করে হাইকোর্ট তাঁকে পুলিশ হেফাজতে পাঠান। এরপর শাহবাগ থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। জাফর আহমেদ খানকে নিম্ন আদালতে পাঠানো হবে।’ গতকাল রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে স্বামী জাফর আহমেদ খানের বিরুদ্ধে শারীরিক নির্যাতন ও যৌতুক চাওয়ার অভিযোগ করেন তাঁর স্ত্রী রেবেকা পারভীন। এ বিষয়ে তিনি গত ২৯ মার্চ আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি ও ৩০ মে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে যৌতুকবিরোধী আইনে মামলা করেছেন তিনি।তিনি তাঁর স্বামীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবেদন জানান। সংবাদ সম্মেলনে তাঁর দুই সন্তানও তাদের মায়ের ওপর ‘নির্যাতনের’ বর্ণনা দেয়। সংবাদ সম্মেলনে জাফর আহমেদের স্ত্রী রেবেকা পারভীন বলেন, প্রায় তিন বছর আগে জাফর এক ছাত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। এরপর থেকে তিনি তাঁর ওপর নির্যাতন শুরু করেন। এ বিষয়ে কোনো কথা বলতে গেলেই তাঁকে মারধর করা হতো। ২২ বছর আগে তাঁদের বিয়ে হয় বলে জানান রেবেকা।