ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের জামিন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌতুকের অভিযোগে স্ত্রীর করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক জাফর আহমেদ খানের জামিন আবেদন নাকচ করেছেন আদালত।আজ বৃহস্পতিবার মহানগর হাকিম ইসমাইল হোসেন এই জামিন আবেদন নাকচ করে দেন। এ সময় ওই শিক্ষক আদালতে উপস্থিত ছিলেন।১১ জুন স্ত্রী রেবেকা পারভীনের করা মামলায় জামিন নিতে জাফর আহমেদ খান হাইকোর্টে যান। জামিন নামঞ্জুর করে হাইকোর্ট তাঁকে পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। এরপর শাহবাগ থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।গত রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে রেবেকা পারভীন তাঁর স্বামীর বিরুদ্ধে শারীরিক নির্যাতন ও যৌতুক চাওয়ার অভিযোগ আনেন। তিনি স্বামীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবেদন জানান।জাফর আহমেদের স্ত্রী রেবেকা পারভীন বলেন, প্রায় তিন বছর আগে জাফর এক ছাত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। এর পর থেকে তিনি তাঁর ওপর নির্যাতন শুরু করেন। এ বিষয়ে কোনো কথা বলতে গেলেই তাঁকে মারধর করা হতো। ২২ বছর আগে তাঁদের বিয়ে হয় বলে জানান রেবেকা।রেবেকা পারভীনের দাবি, জাফর আহমেদ কানাডায় পিএইচডি করার সময় তিনি ছয় বছর কাজ করে তাঁর পড়াশোনায় সহায়তা করেছেন। নিজের আয় দিয়ে তিনি মোহাম্মদপুরে তিন কাঠা জমি কেনেন। স্বামী সেই জায়গাটি নিজের নামে লিখিয়ে নিয়েছেন। গত ১৮ মার্চ আত্মীয়স্বজনের উপস্থিতিতে সমস্যা সমাধানের জন্য আলোচনায় বসলে জাফর আহমেদ ১৫ লাখ টাকা যৌতুক দাবি করেন বলেও অভিযোগ করেন তিনি।রেবেকা পারভীন জানান, গত ২৯ মার্চ আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) ও ৩০ মে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে যৌতুকবিরোধী আইনে মামলা করেছেন তিনি।