ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের স্ত্রী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে আজ সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের স্ত্রীকে শ্বাসরোধে খুন করা হয়েছে। তাঁর নাম রওশন আরা (৬০)। তাঁর স্বামী মাহবুব-ই-সাত্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর সহযোগী অধ্যাপক।মাহবুব-ই-সাত্তার প্রথম আলো ডটকমকে জানান, মিরপুর ৬ নম্বর সেকশনের এ ব্লকের ৩ নম্বর সড়কের শেলটেক অ্যাপার্টমেন্টের ৩/৬ নম্বর বাসার তৃতীয় তলায় একমাত্র মেয়ে রেজওয়ানাকে নিয়ে তাঁরা বসবাস করতেন। রিজওয়ানা মিরপুরে কিডনি ফাউন্ডেশনের চিকিত্সা কর্মকর্তা। আগামী ২৫ জানুয়ারি মেয়ের বিয়ের অভ্যর্থনা অনুষ্ঠান হওয়ার কথা। গত রাতে কিডনি হাসপাতালে নাইট ডিউটি করে আজ সকালে বিয়ের কেনাকাটা করতে যান রিজওয়ানা। আর তিনি (মাহবুব) সকাল সাড়ে আটটার দিকে চলে যান কর্মস্থলে। সকাল সাড়ে ১০টার দিকে ওই বাড়ির গেটে দুই নিরাপত্তারক্ষী সাইফুল ও রাসেল না থাকায় পাশের ফ্ল্যাটের আবু সাঈদ প্রতিটি ফ্ল্যাটে খোঁজ নেন। একপর্যায়ে রওশন আরার লাশ তাঁর ফ্ল্যাটে দেখতে পান প্রতিবেশীরা। এ সময় তাঁর হাত-পা বাঁধা ছিল। পরে মিরপুর থানার পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়। রওশন আরাকে হত্যা করে বাসা থেকে স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় হত্যাকারীরা। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার তৌহিদুর রহমান।