ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের স্ত্রী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মাহবুব-ই-সাত্তারের স্ত্রী রওশন আক্তার (৬০) গতকাল সোমবার নিজ ফ্ল্যাটে খুন হয়েছেন। পুলিশের ধারণা, চুরির উদ্দেশ্যে বাড়ির দুই নিরাপত্তাকর্মী শ্বাসরোধে রওশন আক্তারকে হত্যা করে পালিয়েছে।রাজধানীর মিরপুর ৬ নম্বর সেকশনের এ ব্লকের ৩ নম্বর সড়কে একটি ছয়তলা বাড়ির তৃতীয় তলার ফ্ল্যাটে এই হত্যাকাণ্ড ঘটে। এই দম্পতির একমাত্র মেয়ে রিজওয়ানা আক্তার মিরপুরে কিডনি ফাউন্ডেশনের চিকিৎসক। ২৫ জানুয়ারি তাঁর বিয়ের দিন ধার্য রয়েছে। মিরপুর থানার পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ওই বাড়ির এক নারী নিচতলায় নেমে দেখেন, দুই নিরাপত্তাকর্মী নেই। তিনি ফোনে বিষয়টি বাড়ির ফ্ল্যাট মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু সাইদকে জানান। আবু সাইদ কয়েকজনকে সঙ্গে নিয়ে ফ্ল্যাটে ফ্ল্যাটে গিয়ে নিরাপত্তাকর্মীদের না থাকার বিষয়টি জানাতে এবং খোঁজখবর নিতে থাকেন। তাঁরা তিনতলার ডান পাশের ফ্ল্যাটে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা খুলে ভেতরে গিয়ে দেখেন, শয়নকক্ষের মেঝেতে রওশন আক্তার উপুর হয়ে পড়ে আছেন। তাঁর হাত কালো কাপড় দিয়ে বাঁধা ও গলায় কাপড় পেঁচানো। ওয়ারড্রোব খোলা ও কাপড়চোপড় তছনছ। তখন আবু সাইদ মুঠোফোন নম্বর জোগাড় করে রিজওয়ানাকে খবর দেন। রিজওয়ানা ও স্বজনেরা এসে লাশ উদ্ধার করে পাশের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর লাশ বাসায় আনা হলে খবর পেয়ে পুলিশ আসে।পুলিশ জানায়, সকাল সাড়ে আটটা থেকে সাড়ে ১০টার মধ্যে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ প্রথম আলোকে বলেন, ওই বাড়ির কয়েকজন বাসিন্দার গাড়ির চালক পুলিশকে জানিয়েছেন, সকালে দুই নিরাপত্তাকর্মী হন্তদন্ত হয়ে ওপর থেকে নেমে বাইরে বেরিয়ে যাচ্ছিলেন। তাঁদের একজনের হাত থেকে রক্ত ঝরছিল। জিজ্ঞেস করলে তাঁরা জানান, চিকিৎসকের কাছে যাচ্ছেন।ইমতিয়াজ আহমেদ বলেন, ফ্ল্যাটে রক্তের আলামত পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ধস্তাধস্তি কিংবা তাড়াহুড়ো করতে গিয়ে নিরাপত্তাকর্মীদের একজনের হাত কেটেছে। চুরির উদ্দেশ্যে দুই নিরাপত্তাকর্মী এ ঘটনা ঘটাতে পারে। প্রাথমিক তদন্তে জানা গেছে, বাসা থেকে ২০ হাজার টাকা খোয়া গেছে।বিকেলে ওই বাড়ির ফটকসংলগ্ন নিরাপত্তাকর্মীদের থাকার জায়গায় গিয়ে দেখা যায়, দুই নিরাপত্তাকর্মীর কাপড়চোপড় সেখানে রয়েছে।ছয়তলা ওই বাড়ির প্রতি তলায় তিনটি করে ফ্ল্যাট আছে। বিকেলে রওশন আক্তারদের ফ্ল্যাটে গিয়ে দেখা যায়, সিআইডির কর্মকর্তারা বিভিন্ন আলামত সংগ্রহ করছেন। সঙ্গে ছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তা ও থানার পুলিশ। চেয়ারে শোকে স্তব্ধ হয়ে বসে আছেন মাহবুব-ই-সাত্তার। পাশে বসে কাঁদছেন রিজওয়ানা।মাহবুব-ই-সাত্তার বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন থাকায় তিনি সকাল সাড়ে আটটার দিকে বাসা থেকে বেরিয়েছেন। তখন দরজা ভেতর থেকে লাগিয়েছিলেন রওশন আক্তার।রিজওয়ানা আক্তার বলেন, গত রোববার তিনি কিডনি ফাউন্ডেশনে রাত্রিকালীন দায়িত্বে ছিলেন। সকাল নয়টার দিকে কাজ শেষে তিনি চাচিকে নিয়ে বিয়ের কিছু কেনাকাটা করবেন বলে বাসার পাশে চাচার বাসায় যান। সেখানে থাকা অবস্থায় দুপুর ১২টার দিকে তিনি খবরটি পান। তিনি বলেন, ‘ওয়ারড্রোব দেখে মনে হচ্ছে, কিছু জিনিস খোয়া গেছে। কিন্তু কী খোয়া গেছে, তা এখন বলতে পারছি না।’মাহবুব-ই-সাত্তার বলেন, আইন পেশায় যুক্ত হওয়ার মতো তাঁর স্ত্রীর সব ধরনের সনদ ছিল। মাঝে মাঝে আদালতেও যেতেন। কিন্তু প্র্যাকটিস করতেন না। তিনি বলেন, ‘আমাদের কারও সঙ্গে শত্রুতা নেই। সবাই তো বলছে, সিকিউরিটি গার্ডরাই মেরেছে।’ফ্ল্যাট মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু সাইদ বলেন, কুড়িলের অ্যামিকন সিকিউরিটি সার্ভিস অ্যান্ড প্রাইভেট লিমিটেডের সঙ্গে তাঁদের নিরাপত্তাকর্মী সরবরাহের চুক্তি আছে। ওই প্রতিষ্ঠান ১৫ দিন আগে তাজুল ও রাসেল নামের দুজনকে নিরাপত্তাকর্মী হিসেবে পাঠিয়েছে। নিরাপত্তাকর্মীদের পরিচয়সহ সবকিছু দেখভাল করে ওই প্রতিষ্ঠান। ফ্ল্যাট মালিক সমিতির কাছে কিছু থাকে না।যোগাযোগ করা হলে অ্যামিকন সিকিউরিটির ব্যবস্থাপনা পরিচালক আমিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ওই দুই নিরাপত্তাকর্মীর নাম তাজুল ইসলাম ও রাসেল আহমেদ। তাজুলের গ্রামের বাড়ি কুড়িগ্রামে, রাসেলের গ্রামের বাড়ি বরিশালে। তাজুল গত ১ ডিসেম্বর যোগ দেন। রাসেল তিন মাস কাজ করে বাড়ি চলে গিয়েছিলেন, কিছুদিন আগে ফিরেছেন। তাঁদের ১৫-১৬ ডিসেম্বর ওই বাড়িতে নিয়োগ দেওয়া হয়। তাঁদের যাবতীয় তথ্য পুলিশকে দেওয়া হয়েছে।সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ মর্গে রওশন আক্তারের লাশ দেখতে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানাচ্ছি।’