ভুয়া শিক্ষার্থী প্রমাণ হওয়ার পরও নিয়মিত পরীক্ষা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সনদ তুলে নিয়ে যাচ্ছেন অনেকে। গত দুই মাসে বিশ্ববিদ্যালয় এমন ১৬ জন শিক্ষার্থীর সনদ ও ফলাফল বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। অভিযোগ উঠেছে, ভুয়া শিক্ষার্থীদের বিষয়ে গঠন করা বিশ্ববিদ্যালয় তথ্যানুসন্ধান কমিটি ও প্রশাসনের ব্যর্থতার সুযোগে শিক্ষার্থীরা এসব করছেন। তথ্যানুসন্ধান কমিটি গত সাড়ে তিন বছরে একবারও সভা করেনি বলে জানা গেছে। এ ছাড়া ভুয়া ভর্তির সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীরাও আবার সক্রিয় হয়ে উঠছেন বলে অভিযোগ উঠেছে। উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রথম আলোকে জানান, ভুয়া প্রমাণ হওয়ার পরও যে ১৬ জন সনদ তুলেছেন তাঁদের ফলাফল ও সনদ ইতিমধ্যেই বাতিল করা হয়েছে। প্রশাসনের ব্যর্থতার কারণেই ভুয়া শিক্ষার্থীরা সনদ নিয়ে যেতে পেরেছেন— এমন মন্তব্য করে উপাচার্য আরও জানান, তদন্ত কমিটি এ বিষয়ে অনুসন্ধান করছে।২০০৬ সালে লোকপ্রশাসন বিভাগে ১১ জন ভুয়া শিক্ষার্থী ধরা পড়ে। ওই ঘটনার পর ওই বছরের ১৯ অক্টোবর সিন্ডিকেট উপ-উপাচার্যকে প্রধান করে ১১ সদস্যের একটি তথ্যানুসন্ধান কমিটি গঠন করে। এই কমিটিতে সব কটি অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্যকে সম্পৃক্ত করা হয়। ওই কমিটি ভুয়া শিক্ষার্থী ভর্তির বিরুদ্ধে তদন্ত চালিয়ে ২৩২ জনের ছাত্রত্ব বাতিল করে। পরে সিন্ডিকেট আরও ১০ জনের ছাত্রত্ব বাতিল করে। একই সঙ্গে চক্রের ১৭ সদস্যের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের ও বিশ্ববিদ্যালয়ের নয় কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়। ভুয়া ছাত্র দমনে বিশ্ববিদ্যালয় ১২ দফা সুপারিশও করে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সূত্রে জানা যায়, ২০০৭ সাল পর্যন্ত গঠিত তথ্যানুসন্ধান কমিটির কার্যক্রম অব্যাহত ছিল। কিন্তু এরপর তত্ত্বাবধায়ক সরকার ও বর্তমান সরকারের পৌনে দুই বছরে ওই কমিটি আর কোনো কাজ করেনি। কমিটির প্রধান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হারুন অর রশিদ গতকাল প্রথম আলোকে জানান, এটি সত্য, মাঝখানে অনেক দিন কমিটির কার্যক্রম বন্ধ ছিল। তবে সম্প্রতি আবার কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে কমিটি কয়েকটি বৈঠক করেছে ও ভুয়া শিক্ষার্থীদের বিষয়ে বিভিন্ন নির্দেশনা বিভাগগুলোতে পাঠানো হয়েছে। যেভাবে ভুয়া সনদ ধরা পড়ে: ভুয়া প্রমাণের পর ভর্তি বাতিল হওয়া শিক্ষার্থীদের একজন লোকপ্রশাসন বিভাগের ছাত্রী দিলরুবা খানম। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট তাঁর ছাত্রত্ব বাতিল করা সত্ত্বেও তিনি শিক্ষাজীবন চালিয়ে যান এবং স্নাতক পরীক্ষা শেষে ফলাফল নিয়ে স্নাতকোত্তর বর্ষে ভর্তি হওয়ার জন্য আবেদন করলে গত ৮ জুলাই বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তখন বিশেষ সিন্ডিকেট আহ্বান করে তাঁর স্নাতক সনদ বাতিল করে ও শাহবাগ থানায় একটি মামলা করে। এরপর গত ২২ জুলাই ধরা পড়েন আরও দুই ছাত্র। তাঁরাও একই কাজ করেছেন। ভূগোল ও পরিবেশ বিভাগের ২০০০-০১ শিক্ষাবর্ষের রুবেল পারভেজ ও এস এ ফেরদৌস ভুয়া শিক্ষার্থী হিসেবে চিহ্নিত হন। তাঁরা আদালতে রিট করলে আদালত বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁদের ফল প্রকাশে নিষেধাজ্ঞা আরোপ করে শুধু পরীক্ষা দিতে অনুমতি দেন। কিন্তু ওই দুই শিক্ষার্থী স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষা দিয়ে সব সনদ তুলে নেন। বিষয়টি খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মীজানুর রহমানকে আহ্বায়ক করে ১২ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।সর্বশেষ ২৪ আগস্ট সনদ তুলতে এসে লোকপ্রশাসন বিভাগের ভুয়া শিক্ষার্থী জাকিয়া সুলতানা ধরা পড়েন। কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে মামলা করে ও পুলিশে সোপর্দ করে। একইভাবে আরও ১২ শিক্ষার্থীর সনদ ভুয়া বলে প্রমাণিত হয়। তাঁরা হলেন: আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০০০-০১ শিক্ষাবর্ষের আয়নাল হক, আনিসুর রহমান, ফারহানা রহমান এবং ২০০১-০২ শিক্ষাবর্ষের রেজাউল ইসলাম খান, সুমেল মাহমুদ, আবদুল্লাহ আল রোমান, মো. মাজহারুল ইসলাম, সামিনা সায়িদ ও নুসরাত শারমিন। লোকপ্রশাসন বিভাগের তিন শিক্ষার্থী হলেন ২০০১-০২ শিক্ষাবর্ষের নাজিয়া আহমেদ, জাকিয়া সুলতানা ও ২০০৩-০৪ শিক্ষাবর্ষের শাহ আলম।বিশ্ববিদ্যালয় থেকে সনদ নেওয়া ১৬ শিক্ষার্থীর বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, তাঁদের মধ্যে মাত্র তিনজন সিন্ডিকেটের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে রিট করেছিলেন। বাকি ১৩ জন কোনো রিটে না গিয়ে একশ্রেণীর কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতায় মূল সনদ ও নম্বরপত্র তুলে নিয়ে যান। কর্মকর্তা-কর্মচারীরা বহাল তবিয়তে: বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ভুয়া ভর্তির সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীরা আদালতে রিট করে আবার চাকরি করছেন। দেড় বছর ধরে তাঁদের বিরুদ্ধে দায়ের করা মামলার কোনো তদন্ত হয়নি। চার্জশিটও দেওয়া হচ্ছে না। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো তদারকিও নেই। বিষয়টি স্বীকারও করেছেন ভুয়া শিক্ষার্থীদের বর্তমান পরিস্থিতি পর্যালোচনার বিষয়ে গঠিত তদন্ত কমিটির সদস্যসচিব বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান।প্রক্টর গতকাল প্রথম আলোকে জানান, ভুয়া ভর্তির সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীরা অনেক আগেই জামিন পেয়েছেন। তাঁরা এখন আবার সক্রিয় হয়েছেন বলে তথ্য রয়েছে। এ জন্য তাঁদের জামিন আদেশ প্রত্যাহার করে আাাবর আটক ও অধিক জিজ্ঞাসাবাদ করা জরুরি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে। প্রক্টর বলেন, মূলত বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমন্বয়হীনতার কারণেই ভুয়া শিক্ষার্থীরা ফলাফল ও সনদ নিয়ে চলে যেতে পেরেছেন। এ ছাড়া যে তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছিল, সেটিও কাজ করছে না। মামলার অবস্থা: তথ্য-প্রমাণের ভিত্তিতে সিন্ডিকেট ২৪২ জনের ভর্তি বাতিল করলেও তাঁদের মধ্যে ৮৯ জন উচ্চ আদালতে ৬৯টি রিট করেন। এরই মধ্যে দুটি মামলার নিষ্পত্তি হয়েছে। রিটের শুনানি শেষে আদালত লোকপ্রশাসন বিভাগের নুসরাত ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আহমেদ আল রাজীর ভর্তি বাতিলের সিদ্ধান্ত বৈধ বলে রায় দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের আইন শাখার কর্মকর্তা ফারহানা পারভীন প্রথম আলোকে জানান, দুটি রায় পক্ষে আসায় বাকি রায়গুলোও বিশ্ববিদ্যালয়ের পক্ষে আসবে বলে আশা করা হচ্ছে।