ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ওঠার প্রথম পাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভার্সিটিতে হলে ওঠার জন্য স্যারদের সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। হলের নেতারা হল প্রভোস্টের চেয়ে অনেক বেশি ক্ষমতাধর। তাঁদের সঙ্গে ভালো যোগাযোগ থাকলে হলের সিট কোনো ব্যাপার না।’ বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন আবাসিক শিক্ষার্থী। প্রশাসনের গড়িমসির কারণে আবাসিক হলের সব দায়দায়িত্ব তুলে নিয়েছে তাঁদেরই আদরের ছেলেরা। বিভিন্ন কক্ষে ছেলে বরাদ্দ দেওয়া, তাদের বোঁচকা-বুঁচকিসহ রাতের আঁধারে নির্ধারিত কক্ষে প্রেরণ—এসব কাজই নিষ্ঠার সঙ্গে করছেন হলের নেতারা! অতিসাহসী এসব নেতা আবার একটা কক্ষে ছেলে পাঠানোর সময় শিখিয়ে দেন, ‘রুমে কে পাঠাইছে বলার দরকার নাই। বলবা, গেস্টরুম থেকে বড় ভাইরা পাঠাইছে।’ হলের সিটে ওঠানোর হর্তাকর্তা এখন রাজনৈতিক ছাত্রসংগঠনের হল পর্যায়ের নেতা-কর্মীরা। বছরের পর বছর এভাবেই চলে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো। হল প্রশাসন বরাবরই তালপাতার সেপাইয়ের মতো নির্বিকার। আবাসন সংকটের কারণে শিক্ষার্থীর মধ্যে সিট পাওয়ার অনিশ্চয়তা এবং হল প্রশাসনের সিট প্রদানের ব্যর্থতাকে পুঁজি করছেন রাজনৈতিক দলের ছাত্রসংগঠনগুলোর নেতারা। ফলে এই ছাত্রনেতারা নিয়মনীতির তোয়াক্কা না করেই হলে তুলছেন শিক্ষার্থীদের।স্থবির হল প্রশাসন‘প্রথম বর্ষে থাকতে হলে ওঠার জন্য যোগাযোগ করি হল অফিসে। আমাকে সাফ সাফ জানিয়ে দেওয়া হয় যে তৃতীয় বর্ষের আগে হলে ওঠা সম্ভব নয়। এখন হলে কোনো সিট ফাঁকা নেই।’ বলছিলেন বঙ্গবন্ধু হলের এক শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের চারটি হল বাদে বাকি ১৩টি হলে প্রশাসনের ক্ষমতা অনেকটা ‘গাঁয়ে মানে না আপনি মোড়ল’-এর মতো। শুধু শিক্ষার্থীদের নথিপত্র প্রদান, রেজাল্টশিট সংগ্রহ, উত্সবে উত্তম ভোজ প্রদান এবং জরুরি কাগজ স্বাক্ষর করা—এই গুটিকয়েক কাজেই সীমাবদ্ধ। হলের সিট বরাদ্দ নামমাত্র করা হয়, আদতেও যার কোনো ফলাফল চোখে পড়ে না। প্রতি ব্লকে গিয়ে খোঁজখবর নেওয়া হাউস টিউটরদের কাজ হলেও হাউস টিউটররা ব্যস্ত থাকেন তাঁদের নিজস্ব কাজকর্মে। জিয়াউর রহমান হলের কর্ণফুলী ব্লকের আবাসিক ছাত্র মুরাদ কিবরিয়া বলছিলেন, ‘হাউস টিউটরদের কাজ হলো, প্রতি রাতে নিজ নিজ ব্লকে এসে ছেলেদের খোঁজখবর নেওয়া। প্রতি রাতে তো দূরে থাক, গত ছয় মাসে আমাদের ব্লকে কোনো হাউস টিউটরের পায়ের ধুলো পড়েনি।’ নাম প্রকাশে অনিচ্ছুক ঢাবির এক হলের নেতা বলছিলেন, ‘হলে যাঁদের ক্ষমতা আছে, তাঁরাই রাজা। তাঁদের সঙ্গে প্রভোস্টরাও বাবা বাবা করে কথা বলেন। আর নরম ছেলেদের কাছেই দুনিয়ার সব নিয়মের গল্প শোনানো হয়।’ হলে ওঠার বৈধ উপায়ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন জ্যেষ্ঠ শিক্ষকের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ধারণা নিয়ে আবাসিক হল তৈরি করা হয়েছিল তা হলো: একটি মধ্যবিত্ত বা নিম্নমধ্যবিত্ত পরিবারের ছেলে যেন এই বিশ্ববিদ্যালয়ে পড়তে আসে। সুতরাং তার থাকা-খাওয়াসহ যাবতীয় শিক্ষাকার্যক্রম এখান থেকে পরিচালিত হবে। একজন শিক্ষার্থীর বৈধভাবে হলে ওঠার প্রক্রিয়া সম্পর্কে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রভোস্ট আ ব ম ফারুক জানান, যখন হলে সিট ফাঁকা হয় তখন আমরা ছাত্রদের কাছ থেকে হলে ওঠার আবেদনপত্র চাই। তাদের আবেদনপত্র বেছে বেছে আমাদের নির্ধারিত কমিটির সিদ্ধান্তের মাধ্যমে ছেলেদের নামে বিভিন্ন কক্ষ বরাদ্দ দেওয়া হয়। সাধারণত বছরে একবার এ ধরনের বরাদ্দ দেওয়া হয়ে থাকে বলেও জানান তিনি। বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে শিক্ষার্থীদের চাপ বেশি থাকায় এই ধারণা পুরোপুরি বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। হলে ওঠানোর কর্তা ছাত্রসংগঠনের নেতারাপ্রতিদিনই ছাত্রসংগঠনগুলোর নেতারা অবৈধ উপায়ে হলে তুলছেন শিক্ষার্থীদের। প্রশাসনের নাকের ডগায় এসব হচ্ছে। অথচ বিষয়টি না জানার ভান করছে হল প্রশাসন। তাই সিট বরাদ্দের নোটিশে শিক্ষার্থীদের কাছ থেকে খুব একটা সাড়া পায় না হল প্রশাসন। খোঁজ নিয়ে জানা গেছে, বিভিন্নভাবে হলে ওঠায় কবি জসীমউদ্দীন হলের কোনো সিটই খালি নেই। হলের নিজস্ব প্রশাসন থাকা সত্ত্বেও ছাত্রলীগের নেতা-কর্মীরা হলে ছেলে তোলাকেই তাঁদের প্রধান রাজনৈতিক কর্ম হিসেবে ধরে নিয়েছেন।শুধু ছাত্রলীগ নয়, নির্বাচনের আগে এই একই কাজ করত জাতীয়তাবাদী ছাত্রদল। অনেক ক্ষেত্রেই দেখা যায়, বিশ্ববিদ্যালয় প্রশাসন মদদপুষ্ট এসব ছাত্রসংগঠনের সঙ্গে রাজনৈতিক মতাদর্শ মিলে যাওয়ায় আবাসিক শিক্ষক এবং প্রভোস্টরাও বিষয়গুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। এ প্রসঙ্গে জিয়াউর রহমান হলের এক শিক্ষার্থী বলছিলেন, ‘আগে আমাদের হলের প্রভোস্ট ছিল সাদা দলের। ওই সময় হল ছাত্রদলের নিয়ন্ত্রণে ছিল। এখন প্রভোস্ট নীল দলের, স্বভাবতই ছাত্রলীগ হল চালাবে। এগুলো একই মুদ্রার এপিঠ-ওপিঠ।’ হল প্রশাসনকে পাশ কাটিয়ে শিক্ষার্থীদের হলে ওঠানোর কারণে শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্যও থাকছে না বলে জানালেন সূর্যসেন হলের ছাত্র রাসেল আহমেদ। ফলে এক ধরনের নিরাপত্তাহীনতার মধ্যে থাকতে হচ্ছে তাঁদের। হলে উঠতে অতিথিকক্ষে সাক্ষাত্কারঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে উঠতে শিক্ষার্থীরা হল প্রশাসন নয়, সাক্ষাত্কার দিচ্ছেন ছাত্রসংগঠনগুলোর নেতা-কর্মীদের কাছে। রাত ১০টার পর হলের গেস্টরুম দখলে নিয়ে চলছে এ সাক্ষাতের কার্যক্রম। ন্যূনতম সুবিধা নিয়ে হলে উঠতে মুখোমুখি হতে হয় বিভিন্ন প্রশ্নের। শুধু হলেন কক্ষেই নয়, ছাদে কিংবা বারান্দায় থাকতেও সাক্ষাত্কার দিতে হয় এসব নেতার কাছে। নতুন আসা শিক্ষার্থীরাও নেতাদের বিভিন্ন প্রশ্নের বেড়াজালে থাকেন তটস্থ। অতিথিকক্ষে সাক্ষাত্কার দিয়ে হলে উঠেছেন এমন শিক্ষার্থীরা জানান, হলে উঠতে শিক্ষার্থীদের মূলত যেসব প্রশ্নের সম্মুখীন হতে হয়, সেগুলোর মধ্যে—শিক্ষার্থীর নাম, স্কুল-কলেজের নাম, কোচিং সেন্টারের নাম, বাড়ি বা এলাকার সংসদ সদস্যের নাম, বাবা কী করেন, কোন দল করেন, কোন দলকে ভোট দিয়ে থাকেন, শিক্ষার্থী আগে কোনো সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন কি না, থাকলে সেই সংগঠনের নামসহ প্রমাণ বর্তমানে রাজনীতি করার ইচ্ছা আছে কি না। ছাত্রলীগের কয়েকজন নেতা জানান হলে ওঠানোর ক্ষেত্রে এসব প্রশ্নের পাশাপাশি কে পাঠিয়েছেন এবং কোন এলাকায় বাড়ি—এসব বিষয় প্রাধান্য দেওয়া হয় বেশি। আবার অতিথিকক্ষে সাক্ষাত্কারের নামে নেতা-কর্মীদের লাঞ্ছনার শিকার হয়েছেন কেউ কেউ। জহুরুল হক হলের ছাত্র মো. আলম হোসেন জানান, অতিথিকক্ষে উপস্থিত অনেকের সামনে তাঁকে আপত্তিকর কিছু প্রশ্ন করা হয়। তিনি এর প্রতিবাদ করেন। এ জন্য তাঁকে হল থেকে বের করে দেন নেতা-কর্মীরা। বরাদ্দ করা সিটে উঠতে ব্যর্থ শিক্ষার্থীরা হলের সিটে ওঠার যোগ্যতার সবকিছু ঠিক থাকলে শূন্য সিটে বরাদ্দ দেয় হল প্রশাসন। কিন্তু বরাদ্দ পাওয়া সিটে গিয়ে শিক্ষার্থীদের অনেকেই দেখতে পান ভিন্ন চিত্র। ক্ষমতাসীন ছাত্রসংগঠনের নেতাদের কব্জায়, নয়তো তাঁদের আশ্রয়ে ওঠা কর্মীদের দখলে থাকে এসব কক্ষ। তথ্যবিজ্ঞান এবং গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের প্রথম শ্রেণীতে প্রথম হওয়া জিয়া হলের ছাত্র আবুল কালাম জানান, তিনি যে কক্ষ বরাদ্দ পেয়েছিলেন, তা এখন ছাত্রনেতাদের দখলে। একই অবস্থার শিকার হয়েছেন অর্থনীতি বিভাগের প্রথম শ্রেণীতে দ্বিতীয় হওয়া কবি জসীমউদ্দীন হলের ছাত্র মো. সুমন মিয়াও। সুমন জানান, ছাত্রদলের নেতাদের হুমকিতে হল প্রশাসনের বরাদ্দ দেওয়া কক্ষে উঠতে পারেননি তিনি। সুরাহা হবে না, তাই তিনি আবাসিক শিক্ষকদের বিষয়টি জানাননি। অন্যদিকে বরাদ্দপ্রাপ্ত শিক্ষার্থীরা জানান, সিট বরাদ্দ পাওয়া সত্ত্বেও তাঁদের অনেকেই নেতাদের জানিয়ে হলে থাকছেন। কিন্তু বেশির ভাগ শিক্ষার্থীর পক্ষে সেটি সম্ভব হয় না। তবে সিট বরাদ্দের ক্ষেত্রে ছেলেদের সূর্যসেন হল ছাড়াও মেয়েদের কুয়েত-মৈত্রী হল, ফজিলাতুন্নেসা হল, শামসুন্নাহার হল এবং রোকেয়া হলের চিত্র ভিন্ন বলে জানা গেছে। কুয়েত-মৈত্রী হলের ছাত্রী শারমিন আক্তার জানান, কক্ষ বরাদ্দ থেকে শুরু করে সিটে ওঠানো পর্যন্ত ম্যাডামরা তত্পর। এ কারণে তাঁদের হলে বরাদ্দপ্রাপ্ত সিটে উঠতে সমস্যা হয় না। সূর্যসেন হলের ছাত্র মাসুদ রানা জানান, কক্ষ বরাদ্দের সময় ছাত্রসংগঠনের নেতা-কর্মীরাও কিছু কক্ষ বরাদ্দ পান। তাই অন্য সব কক্ষ নিয়ে ঝামেলা করেন না নেতারা।মানা হচ্ছে না দ্বৈতাবাসিকের শর্ত‘আমার সঙ্গে আবেদনকারীর দ্বৈত অবস্থানে আপত্তি নেই।’ আবেদন ফরমে লেখা এমন নির্মম অসত্য মানতে বাধ্য হচ্ছেন আবাসিক শিক্ষার্থীরা। রাতের অন্ধকারে ছাত্রসংগঠনের নেতা-কর্মীদের উঠিয়ে দেওয়া এসব শিক্ষার্থীকে দ্বৈতাবাসিক নিতে হচ্ছে। এ কারণে একজন আবাসিক ছাত্র পছন্দের কাউকে দ্বৈতাবাসিক দেওয়ার ক্ষেত্রে ন্যূনতম অধিকার রাখছেন না বলে জানান আবাসিক ছাত্রদের অনেকেই। আবাসিক শিক্ষার্থীরা জানান, রাত হলেই এসব ছাত্রনেতার দৌরাত্ম্য বাড়ে। সিট-সংকটের কথা বলে দলীয় কর্মীদের হলে উঠিয়ে দেন তাঁরা। ফলে ছয় বাই আড়াই ফুট মাপের বিছানায় একসঙ্গে দুজনকে ঘুমোতে হচ্ছে। শিক্ষার্থীরা জানান, হলে থাকার আশায় নেতাদের এসব অপকর্ম মেনে নিচ্ছেন তাঁরা। এস এম হলের আবাসিক ছাত্র আলী আজগর জানান, তাঁর সিটে একজনকে উঠিয়ে দেন নেতারা। তিনি এর প্রতিবাদ করেন। এ কারণে তিনি এখন হলছাড়া। শুধু কি তাই? ছাত্রসংগঠনের নেতাদের নাম ভাঙিয়ে কক্ষে উঠিয়ে দেন কেউ কেউ। জসীমউদ্দীন হলের ছাত্র মো. রিপন জানান, ছাত্রলীগের এক নেতার কথা বলে তাঁর বেডে একজনকে দিয়ে যান তাঁর কর্মীরা। তবে এই নেতা জানান, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। এ প্রসঙ্গে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ আ ব ম ফারুক বলেন, ‘যদি এ রকম কোনো সমস্যা হয়, তবে সে ক্ষেত্রে আমাদের কাছে লিখিত অভিযোগ জানালে আমরা অবশ্যই কার্যকর ব্যবস্থা নেব।’