ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ ছাত্র সাময়িকভাবে বহিষ্কৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র আবু বকর সিদ্দিকের মৃত্যুর ঘটনার জন্য দায়ী ১০ ছাত্রকে সাময়িক বহিষ্কারের কথা জানালেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। একই সঙ্গে কেন তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, আগামী দুই সপ্তাহের মধ্যে তার কারণ দর্শাতে বলা হয়েছে। আজ বুধবার উপাচার্যের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। গতকাল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সভায় এই ১০ ছাত্রকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। এই ১০ ছাত্র হলেন ছাত্রলীগের এফ রহমান হল কমিটির সাবেক সভাপতি ও আরবি বিভাগের মাস্টার্সের ছাত্র সাইদুজ্জামান ফারুক, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র মনসুর আহমেদ রনী, দর্শন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মো. আসাদুজ্জামান জনি, হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আলম-ই জুলহাস জুয়েল, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্সের ছাত্র আবু জাফর মোহাম্মদ সালাম, মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র তৌহিদুল খান তুষার, আইন বিভাগের মাস্টার্সের ছাত্র এনামুল হক, অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মহিদুল ইসলাম খান তপু, হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র রকিবউদ্দিন ও বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মেহেদী হাসান লিয়ন।প্রসঙ্গত, গত ২ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় আবু বকর সিদ্দিক নিজ কক্ষের বারান্দায় গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর ৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে নয়টায় তাঁর মৃত্যু হয়। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট তার মৃত্যুর কারণ অনুসন্ধানে ওই দিনই নয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় কমিটি পাঁচ কার্যদিবস সময় বাড়িয়ে নিয়ে গতকাল তদন্ত প্রতিবেদন জমা দেয়।