ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের পরীক্ষা ৯ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৯ ডিসেম্বর ওই ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক আজ সোমবার প্রথম আলো অনলাইনকে ভর্তি পরীক্ষা-সংক্রান্ত এ তথ্য জানান।উপাচার্য বলেন, শিক্ষার্থীরা আগের প্রবেশপত্র দিয়েই ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। কেউ প্রবেশপত্র হারিয়ে ফেললে যেন ডাউনলোড করে নেয়।ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত ২৮ অক্টোবর ‘গ’ ইউনিটে ৯৭৫টি আসনের বিপরীতে ৩৮ হাজার ৮৫৫ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন। ৩১ অক্টোবর ফল প্রকাশ করা হলে দুই হাজার ৭২৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। কিন্তু এই ফল নিয়ে অভিযোগ উঠলে ২ নভেম্বর পুনর্মূল্যায়িত ফল প্রকাশ করা হয়। সেখানে পাস করেন ছয় হাজার ৯৪ জন শিক্ষার্থী। তবে বাদ পড়ে যান প্রথমবার মেধাতালিকায় থাকা ১৯৪ জন শিক্ষার্থী। ২ নভেম্বর দ্বিতীয়বার প্রকাশিত ফল পুনর্মূল্যায়নের জন্য আবার আবেদন করেন শতাধিক শিক্ষার্থী। এরই পরিপ্রেক্ষিতে গত শনিবার রাতে ডিনস কমিটির জরুরি সভা ডাকা হয়। সেখানেই ফল বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এর প্রতিবাদে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা বিক্ষোভ করেছেন।