‘খ’ ইউনিটের সাক্ষাৎকার স্থগিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল বাতিল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল বাতিল করা হয়েছে। এ পরীক্ষা পুনরায় অনুষ্ঠিত হবে। গতকাল শনিবার রাতে ডিনস কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ৩০০ থেকে ৪০০ শিক্ষার্থী তাঁদের ফল পুনর্মূল্যায়নের আবেদন করায় ডিনস কমিটির এ সভা ডাকা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে কিছু প্রশ্নে ভুল থাকায় শিক্ষার্থীদের উত্তরপত্র সঠিকভাবে মূল্যায়ন করা সম্ভব হয়নি। প্রশ্নপত্রের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন ওঠায় ডিনস কমিটির সভায় আগের পরীক্ষার ফল বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষার্থীরা আগের প্রবেশপত্র দিয়েই এ পরীক্ষা দিতে পারবেন। নতুন করে কোনো আবেদন করতে হবে না। প্রবেশপত্র হারিয়ে ফেললে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নতুন করে ডাউনলোড করা যাবে। পরীক্ষার তারিখ শিগগিরই জানানো হবে।‘খ’ ইউনিটের সাক্ষাৎকার স্থগিত: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের সাক্ষাৎকার স্থগিত করা হয়েছে। ভর্তি পরীক্ষার সমন্বয়ক ও কলা অনুষদের ডিন সদরুল আমিন প্রথম আলোকে বলেন, অনিবার্য কারণবশত সাক্ষাৎকার স্থগিত করা হয়েছে। সাক্ষাৎকারের সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।