ঢাকা বোর্ডে ইংরেজির প্রশ্ন কঠিন হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় ইংরেজি প্রথম পত্রের প্রশ্নপত্র কঠিন হয়েছে। বিষয়টি নিয়ে গতকাল মঙ্গলবার পরীক্ষার্থী ও অভিভাবকের অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। শিক্ষকেরাও বলছেন, প্রশ্নপত্র কঠিন হয়েছে।এদিকে ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার গুজব থাকলেও এর সত্যতা পাওয়া যায়নি।ঢাকা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, প্রশ্নপত্র ফাঁস হলে তা পরীক্ষার আগেই জানা যেত। পরীক্ষা শেষ হওয়ার পর এ ধরনের অভিযোগ তোলার সুযোগ নেই। এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, প্রশ্নপত্র কিছুটা কঠিন হয়েছে এবং বিষয়টি নিয়ে তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেছেন।জানা যায়, ইংরেজির প্রশ্নপত্রে শূন্যস্থান পূরণ, বাক্য গঠন এবং এলোমেলো বাক্য থেকে অনুচ্ছেদ তৈরির বিষয়গুলো গতানুগতিক ধারার বাইরে এসেছে। এ ছাড়া বইমেলা (বুক ফেয়ার) বিষয়ে অনুচ্ছেদ লিখতে এসেছে এবং গত দুই বছর আগে এই বিষয়ে অনুচ্ছেদ লিখতে এসেছিল। এ জন্য শিক্ষক ও পরীক্ষার্থীদের ধারণা ছিল, এটার পুনরাবৃত্তি হয়তো হবে না।এ প্রসঙ্গে রাজধানীর মিরপুর সরকারি উচ্চবিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক রবার্ট টমাস কস্তা বলেন, যেহেতু ইংরেজি কঠিন হিসেবে পরিচিত একটি বিষয়, সেহেতু প্রশ্নপত্র আরেকটু সহজ হতে পারত। পরীক্ষার্থীরা বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় পড়েছে। গতকালের পরীক্ষায় সারা দেশ থেকে অসদুপায় অবলম্বনের অভিযোগে ৭২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।