‘এ সাফল্য মফস্বলের শিক্ষাপ্রতিষ্ঠানের’
ঢাকা বোর্ডে দ্বিতীয় আবদুল কাদির মোল্লা সিটি কলেজ
নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজ ঢাকা বোর্ডের মেধা তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছে। আজ বুধবার প্রকাশিত উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলে জেলা শহরের শিক্ষাপ্রতিষ্ঠানটি এ গৌরব অর্জন করে।এ বছর কলেজ থেকে ৩৩৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে সবাই পাস করেছেন। তাঁদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৩০৫ জন। বিজ্ঞান বিভাগ থেকে অংশ নেওয়া ১৪০ জনের মধ্যে ১২৯ জন, ব্যবসায় শিক্ষা থেকে ১২৬ জনের মধ্যে ১২২ জন ও মানবিক বিভাগের ৬৮ জনের মধ্যে ৫৪ জন জিপিএ-৫ পেয়েছেন। এবারই প্রথম মফস্বলের কোনো শিক্ষাপ্রতিষ্ঠান মেধাতালিকায় সেরা তিনের মধ্যে স্থান করে নিল। কলেজের সাফল্যের এ খবর দুপুর ১২টার দিকে যখন চারপাশে ছড়িয়ে পড়ল, তখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থী ও অভিভাবকেরা ছুটে যান কলেজ প্রাঙ্গণে। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকেরা বৃষ্টিতে ভিজে হেসেগেয়ে আনন্দ ও উল্লাসে মেতে ওঠেন। পরে শিক্ষার্থীরা শহরে আনন্দমিছিল বের করেন।বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী জাহিদুর রহমান বলেন, ‘আমার এ সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান অধ্যক্ষ ও শিক্ষকদের। তাঁরা কখনো পিতামাতা, কখনো বড় ভাইবোনের ভূমিকায় অবতীর্ণ হয়ে আমাদের পাঠদান করেছেন। আমার এ সাফল্য তাঁদের উত্সর্গ করতে চাই।’মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া সামিয়া চৌধুরী সাফল্যের কারণ হিসেবে শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা, নিয়মিত ক্লাস, বিশেষ ক্লাস, হোম ভিজিট, টিউটোরিয়াল ও মাসিক পরীক্ষার কথা বলেছেন। ব্যবসায় শাখা থেকে জিপিএ-৫ পাওয়া সাবরিনা জাহান প্রথম আলো ডটকমকে বলেন, আমি ছাত্রীনিবাসে থাকিনি। কলেজের শিক্ষকেরা নিয়মিত বাসায় এসে খোঁজখবর নিতেন। এ কারণে প্রতিনিয়ত লেখাপড়ায় ব্যস্ত থাকতে হয়েছে। তাই আজ আমাদের এ সাফল্য। আর বিশেষ করে কলেজের উপাধ্যক্ষ মাহমুদুল হাসান স্যারের বিশেষ উত্সাহে আমরা সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছাতে সক্ষম হয়েছি।’কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি আবদুল কাদির মোল্লা কলেজের সাফল্যে উচ্ছাস প্রকাশ করে প্রথম আলো ডটকমকে বলেন, ‘নরসিংদীতে মানসম্মত শিক্ষা প্রদানের অঙ্গীকার নিয়ে কলেজ প্রতিষ্ঠা করেছিলাম। আজ স্বপ্ন পূরণ হয়েছে, সার্থক হয়েছে আমার জীবন। এ সাফল্য সামনে এগিয়ে চলতে আরও অনুপ্রাণিত করবে। আমরা প্রমাণ করতে পেরেছি, মফস্বলের খেটে খাওয়া মানুষের সন্তানেরা অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থাকলেও তাদের পক্ষে ভালো ফল করা সম্ভব।’ প্রচেষ্টার এখানেই শেষ নয়, আগামী দিনে আরও এগিয়ে যাওয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি জানান।আবদুল কাদির মোল্লা বলেন, ‘এ সাফল্য আমার একার নয়, শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের নয়, পুরো নরসিংদীবাসীর। এ সাফল্য পুরো মফস্বল এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের।’ কলেজের অধ্যক্ষ মশিউর রহমান মৃধা বলেন, ‘এ সাফল্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বিত প্রচেষ্টার ফল। দেশের সব কলেজের শিক্ষকেরা যদি সত্ ইচ্ছা ও আন্তরিকতা নিয়ে শিক্ষার্থীদের শিক্ষা দান করেন, তাহলে সাফল্য অর্জন করা মোটেও কঠিন কিছু না।’ এ ছাড়া শিক্ষার্থীদের বাইরে কোচিং বা প্রাইভেট পড়ানোর সংস্কৃতি বন্ধ করে কলেজের পড়া কলেজেই শেষ করা, কাউন্সেলিং করা ও শিক্ষার্থীদের নিয়মিত তদারকির মাধ্যমে শিক্ষা দান করায় এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে বলে তিনি মনে করেন। মশিউর রহমান মৃধা আরও বলেন, ‘এ সাফল্যের পেছনে সবচেয়ে অবদান প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা স্যারের। ওনার সুস্পষ্ট দিকনির্দেশনায় সাফল্য ছিনিয়ে আনতে পেরেছি। থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাদির মোল্লা ২০০৬ সালে নরসিংদীতে নিজ নামে কলেজটি প্রতিষ্ঠা করেন। ৪২ জন শিক্ষক-শিক্ষিকার সার্বিক তত্ত্বাবধানে কঠোর শৃঙ্খলার মধ্যে দিয়ে কলেজটি পরিচালিত হচ্ছে।কলেজটি প্রতিষ্ঠার পর এ পর্যন্ত চারবার শত ভাগ পাসসহ ২০০৯ সালে ঢাকা বোর্ডে পঞ্চম ও সারা দেশে ষষ্ঠ, ২০১০ সালে জেলার সেরা শিক্ষাপ্রতিষ্ঠান, ২০১১ সালে ঢাকা বোর্ডে মেধা তালিকায় সপ্তম ও শত ভাগ পাসে চতুর্থ স্থান দখল করে। ধারাবাহিকতা অব্যাহত রেখে এবারও শত ভাগ পাসসহ ঢাকা বোর্ডে দ্বিতীয় স্থান অর্জন করে নেয় গ্রামের এই কলেজ।