ঢাকা বোর্ডে সেরা মতিঝিল আইডিয়াল স্কুল
চলতি বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলে ঢাকা বোর্ডের সেরা শিক্ষাপ্রতিষ্ঠান মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলের কপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।ঢাকা বোর্ডের দ্বিতীয় সেরা ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ। তৃতীয় হয়েছে রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ। চতুর্থ অবস্থানে ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ। পঞ্চম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান মির্জাপুর ক্যাডেট কলেজ। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় উত্তীর্ণের হার ৮৯ দশমিক শূন্য ৩ শতাংশ, যা গতবারের চেয়ে ২ দশমিক ৭১ শতাংশ বেশি। ২০১২ সালে এসএসসি পরীক্ষায় গড় উত্তীর্ণের হার ছিল ৮৬ দশমিক ৩২ শতাংশ। ২০১১ সালে পাসের হার ছিল ৮২ দশমিক ১৬ শতাংশ। ঢাকা বোর্ডে পাসের হার ৮৭ দশমিক ৩১ শতাংশ।