ঢাকা-ময়মনসিংহ রেলপথে ৪ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-ময়মনসিংহ রেলপথে আজ শুক্রবার চার ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ রেলস্টেশনের কাছে গোলাঘাট এলাকায় অতিবৃষ্টির ফলে রেললাইনের পাশের মাটি ধসে পড়লে এ অবস্থার সৃষ্টি হয়। পরে বেলা সাড়ে তিনটা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।গফরগাঁও রেলস্টেশনের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন খান প্রথম আলোকে বলেন, বেলা সাড়ে ১১টার দিকে গোলাঘাটের বেতনায় রেললাইনের পাশে ১০ থেকে ১২ হাত পর্যন্ত এলাকায় গাছপালাসহ মাটি ধসে পড়ে। এতে ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। ওই সময় থেকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের ওই অংশে ট্রেন চলাচল বন্ধ থাকে। বেলা সাড়ে তিনটার দিকে ধসে পড়া অংশে বাঁশের খুঁটি ও বালুর বস্তা ফেলে সাময়িকভাবে ট্রেন চলাচলের উপযোগী করা হয়। এরপর থেকে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে।