ঢাকা মহানগর ডিবি কার্যালয়ে আগুন
রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি কক্ষে আজ মঙ্গলবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেছে পুলিশ।ডিবি ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বেলা দুইটার দিকে ডিবির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের একটি কক্ষে হঠাত্ আগুন ধরে যায়। এর পরপরই ওই কক্ষের পেছনে থাকা ওয়াসার একটি পাম্পের কর্মীরা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালান। এরই মধ্যে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১৫-২০ মিনিটের মধ্যে আগুন নেভায়। ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বোমা নিষ্ক্রিয় করার সময় পরার বিশেষ পোশাক, হেলমেটসহ প্রয়োজনীয় কিছু কাগজপত্র আগুনে পুড়ে গেছে। আগুনে আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। তবে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান বলেন, আগুনে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।