ঢাকা মহানগর দায়রা জজকে কারণ দর্শানোর নির্দেশ
সন্ত্রাসবিরোধী আইনে করা দুটি মামলায় অভিযোগ আমলে নেওয়ার ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করায় ঢাকা মহানগর দায়রা জজ মো. জহুরুল হককে কারণ দর্শাতে বলেছেন হাইকোর্ট। সন্ত্রাসবিরোধী আইনের ৪০(২) ধারা অনুসরণ না করে কোন কর্তৃত্ববলে অভিযোগ আমলে নেওয়া হয়েছে, এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ২৬ নভেম্বরের মধ্যে লিখিতভাবে এ বিষয়ে ব্যাখ্যা দিতে হবে।বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সন্ত্রাসবিরোধী আইনে করা পৃথক মামলায় চার আসামির জামিনের আবেদনের ওপর শুনানি নিয়ে এ আদেশ দেন। একই সঙ্গে ওই আইনের ৪০(১) ধারা অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া অপরাধ তদন্ত করার বিষয়ে ব্যাখ্যা জানানোর জন্য ২৬ নভেম্বর হাজির হতে সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তাকেও তলব করা হয়েছে। আদেশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের তফসিলে পাঁচটি জঙ্গি সংগঠনের নাম যুক্ত করা হচ্ছে। শিগগিরই সরকার গেজেট প্রকাশ করবে। অ্যাটর্নি জেনারেল জানান, পাঁচটি সংগঠন হচ্ছে—জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ, জামাআতুল মুজাহেদীন, হরকাতুল জিহাদ আল ইসলাম, হিযবুত তাহরীর বাংলাদেশ ও শাহাদাত আল হিকমা। তফসিলে না থাকায় এসব সংগঠনের সদস্যদের সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আনা যাচ্ছে না। তফসিলভুক্ত হয়ে গেলে বিচার-প্রক্রিয়ায় বিঘ্ন সৃষ্টি করা সম্ভব হবে না। আদালত সূত্র জানায়, চলতি বছরের ২৪ জুন মোহাম্মদপুর থানার পুলিশ হিযবুত তাহরীরের কর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করে। একই আইনে ১১ জুন রাজধানীর শেরেবাংলা নগর থানায়ও একটি মামলা হয়। শেরেবাংলা নগর থানার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক নজরুল ইসলাম ও মোহাম্মদপুর থানার উপপরিদর্শক কামরুজ্জামান বিশ্বাস এ দুই মামলার তদন্ত করেন। তদন্ত শেষে অভিযোগপত্র দাখিলের পর দুটি মামলার অভিযোগ আমলে নেন মহানগর দায়রা জজ মো. জহুরুল হক। সূত্র জানায়, মোহাম্মদপুর থানার মামলায় আসামি নুর মোহাম্মদ, সাফায়েত জামিল ৩ নভেম্বর এবং শেরেবাংলা নগর থানার মামলায় আরিফুল ইসলাম ও আরিফুল করিম ১৮ অক্টোবর হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। এর আগে এই চারজন গ্রেপ্তার হন। মামলা সাক্ষ্য নেওয়ার পর্যায়ে রয়েছে। আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী কুমার দেবুল দে। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও সহকারী অ্যাটর্নি জেনারেল গাজী মো. মামুনুর রশীদ। শুনানির বিষয়ে আইনজীবী কুমার দেবুল দে বলেন, এই দুই মামলার তদন্ত ও অপরাধ আমলে নেওয়ার ক্ষেত্রে সন্ত্রাসবিরোধী আইনের তদন্ত ও বিচার বিষয়ে পূর্বানুমোদন অনুসরণ করা হয়নি। আইনের ৪০(১) ধারায় বলা হয়েছে, জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া কোনো পুলিশ কর্মকর্তা এই আইনের অধীনে কোনো অপরাধ তদন্ত করতে পারবেন না। ৪০(২) ধারায় বলা আছে, সরকারের অনুমতি ছাড়া কোনো আদালত এই আইনের অধীনে কোনো অপরাধ বিচারার্থে আমলে নিতে পারবেন না। পরে আদেশের বিষয়ে গাজী মো. মামুনুর রশীদ প্রথম আলো ডটকমকে বলেন, পৃথক পাঁচটি মামলায় হাইকোর্ট উপপুলিশ কমিশনারসহ (অপরাধ তথ্য ও প্রসিকিউশন, ঢাকা মহানগর পুলিশ) সাত কর্মকর্তাকে ২৬ নভেম্বর হাজির হতে বলা হয়েছে।