প্রথম আলো-রবি জিপিএ-৫ প্রাপ্ত কৃতীদের সংবর্ধনা ২০১০
ঢাকা মহানগরের সংবর্ধনা শনি ও রোববার
এ বছর এসএসসি, দাখিল ও কারিগরি শিক্ষা বোর্ডের সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ঢাকা মহানগরের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হবে নন্দন পার্কে আগামী শনি ও রোববার (৩১ জুলাই ও ১ আগস্ট)। ঢাকার সাভার উপজেলা ও গাজীপুর জেলার কৃতী শিক্ষার্থীদেরও একই স্থানে সংবর্ধনা দেওয়া হবে আগামী রোববার। প্রথম আলো ও বেসরকারি মোবাইল ফোন অপারেটর রবি এই সংবর্ধনার আয়োজন করেছে।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকার শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠ থেকে সকাল ছয়টায় নন্দন পার্কের উদ্দেশে বাস ছাড়বে।শিক্ষার্থীদের তাদের নির্ধারিত দিনে এ সময়ের আগেই বাণিজ্য মেলা মাঠে উপস্থিত থাকতে হবে।শনি ও রোববার ঢাকা মহানগর, গাজীপুর ও সাভারের প্রায় ১১ হাজার শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হবে। প্রত্যেক শিক্ষার্থীর টিকিটে তার সংবর্ধনার তারিখ লেখা আছে। এই তারিখ পরিবর্তন করা যাবে না। বাসে শুধু নন্দন পার্কের টিকিট পাওয়া শিক্ষার্থীরা উঠতে পারবে। সংবর্ধনার জন্য নাম নিবন্ধনকারীরা ইচ্ছা করলে নিজ দায়িত্বেও সরাসরি নন্দন পার্কে যেতে পারবে। প্রথম দিন শনিবার সংবর্ধনা পাচ্ছে সাড়ে পাঁচ হাজার শিক্ষার্থী।আয়োজকেরা জানান, অভিভাবকেরা যেতে চাইলে আলাদাভাবে নিজ খরচে যেতে পারবেন এবং নন্দন পার্কের কাউন্টার থেকে সাধারণ নিয়মে টিকিট কেটে পার্কে প্রবেশ করতে পারবেন। অনুষ্ঠান শেষে বিকেলে নন্দন পার্ক থেকে শিক্ষার্থীদের বাসে করে আবার বাণিজ্য মেলার মাঠে নামিয়ে দেওয়া হবে। পথে শিক্ষার্থীদের বাস থেকে নামার অনুমতি দেওয়া হবে না। বাণিজ্য মেলা মাঠ থেকে অভিভাবকেরা শিক্ষার্থীদের বুঝে নেবেন। আয়োজকদের পক্ষ থেকে নিবন্ধনকারীদের শুধু দুপুরের খাবার দেওয়া হবে। সকালের নাশতা শিক্ষার্থীদের খেয়ে বা ব্যবস্থা করে আসতে হবে। নন্দন পার্কে খাবার, খাবারের বক্স বা অন্য কোনো কিছু নিয়ে যাওয়া যাবে না। শিক্ষার্থীদের ওয়াটার ওয়ার্ল্ডের টিকিট দেওয়া হবে না।