ঢাকা মাতালেন আশা
মাদকতাময় কণ্ঠ, নিজস্ব বৈশিষ্ট্য আর গায়কির আবেদনে কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে বাংলা ও হিন্দি গানের শ্রোতার কাছে আলাদা একটি জায়গা করে নিয়েছেন অনেক আগেই। আজ শুক্রবার ঢাকার মঞ্চে সংগীত পরিবেশন করে তিনি প্রমাণ করলেন, সুরের মূর্ছনায় চিত্তহরণের ক্ষমতা ৮০ ছুঁই ছুঁই বয়সেও এতটুকুও কমেনি। ১০ হাজারের বেশি দর্শক-শ্রোতার অংশগ্রহণে ‘ইটারনাল আশা, লাইভ ইন ঢাকা’য় তিনি গাইলেন, গাওয়ালেন। নাচালেনও। বললেন, ‘পৃথিবীর অনেক দেশে গেছি, কিন্তু এমন সুন্দর দেশ খুব কম দেখেছি। আমি ধন্য এখানে আসতে পেরে।’ এর আগে আরও বেশ কয়েকবার তিনি বাংলাদেশে এসেছেন।আশা ভোঁসলের গান শোনার জন্য আর্মি স্টেডিয়ামের সামনে লোকসমাগম শুরু হয়েছিল আজ দুপুর থেকেই। ফটকের সামনে ছিল দীর্ঘ সারি। বিকেল পাঁচটায় ফটক খুলে দেওয়া হলে দলে দলে মানুষের প্রবেশ শুরু হয়। রাত আটটায় গান শুরু করেন আশা ভোঁসলের সঙ্গে আসা শিল্পী সুদেশ ভোঁসলে। তিনি গেয়ে শোনান ‘মেরি মেহবুব’, ‘এ মেরে মোহাব্বাত হে’, ‘মেরে জিন্দেগি’সহ বেশ কিছু গান। এই শিল্পীর পরপর মঞ্চে আসেন উপমহাদেশের সংগীতের জীবন্ত কিংবদন্তি আশা ভোঁসলে। সাদামাটা বাঙালি বেশে শাড়ি পরে মঞ্চে আসতেই দর্শকেরা দাঁড়িয়ে তাঁকে সম্মান জানান। তিনি সবার উদ্দেশে হাত নেড়ে বলেন, বাংলাদেশে আসতে পেরে তিনি খুব খুশি হয়েছেন, ভীষণ আনন্দ পেয়েছেন। আশি বছরেও তাঁর কণ্ঠের মাধুর্য উপস্থিত সবাইকে আকৃষ্ট করে। এরপর তিনি গাইলেন ‘পেয়ার কারনে আলে’, ‘রাত বাকি বাত বাকি’, ‘মেরা দিল চুরা লিয়া হে’সহ বিভিন্ন গান। তাঁর সঙ্গে আসা ২০ জন যন্ত্রী গানের সঙ্গে সুর তোলেন।অনুষ্ঠানের একপর্যায়ে সংগীতশিল্পী রুনা লায়লা বাংলাদেশের শিল্পীদের পক্ষ থেকে আশা ভোঁসলেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। দ্বৈত কণ্ঠে তাঁরা ‘দামাদাম মাস্তকেলেন্ডার’ গানটি পরিবেশন করেন। এ সময় আশা ভোঁসলে রুনা লায়লার প্রশংসা করেন। গভীর রাত পর্যন্ত চলে গানের অনুষ্ঠান। বিজ্ঞাপনী সংস্থা ম্যাকম এ অনুষ্ঠানের আয়োজন করে।