ঢাকা মেডিকেল কর্মচারীদের কর্মবিরতি ২৪-২৮ মার্চ
ঢাকা মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে ২৪, ২৫, ২৭ ও ২৮ মার্চ সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিন ঘণ্টা কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে মেডিকেলের নার্সিং, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী সংগ্রাম পরিষদ।আজ সোমবার বেলা ১১টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগ্রাম পরিষদের আহ্বায়ক সাবিনা শারমিন। বক্তব্যে বলা হয়, ঢাকা মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হলে এ কলেজের সরকারি কর্মচারীরা অনেক সরকারি সুযোগ সুবিধা বঞ্চিত হবে। তা ছাড়া বিশ্ববিদ্যালয় হওয়ার ফলে এখানকার কর্মচারীরা স্বায়ত্তশাসিত বা আধা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীতে পরিণত হবেন। তাঁরা সরকারি কর্মচারীর মর্যাদা থেকে বঞ্চিত হবেন।সংগ্রাম পরিষদের সদস্য আবদুল হান্নান বলেন, বিশ্ববিদ্যালয় হলে শুধু কর্মচারীদেরই সমস্যাই নয়, দূর-দূরান্ত থেকে আসা রোগীদের সেবাও সংকুচিত হয়ে পড়বে। এ ব্যাপারে মন্ত্রীর সঙ্গে বৈঠক করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের অনুরোধ করা হয়েছি। কিন্তু কোনো উদ্যোগ না নেওয়ায় চার দিনের এ কর্মসূচি দেওয়া হয়েছে।দাবি না মানলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে বক্তারা সংবাদ সম্মেলনে জানান।