ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মচারী নিয়োগ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মচারী নিয়োগ স্থগিত করা হয়েছে। গতকাল শুক্রবার স্বাস্থ্যমন্ত্রীর সরকারি বাসভবনে জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হকের সরকারি বাসভবনে তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগের প্রক্রিয়া নিয়ে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পরে নিয়োগসংক্রান্ত সার্বিক কার্যক্রম আপাতত স্থগিত করার সিদ্ধান্ত হয়।সভার সিদ্ধান্ত অনুযায়ী, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (হাসপাতাল ও নার্সিং) ওমর ফারুক চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি করা হয়। কমিটি সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে প্রতিবেদন দেবে। এই প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।সভায় অংশ নেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও সমাজকল্যাণ উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বি ডি মিত্র ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক শাহ মনির হোসেন। ময়মনসিংহে অবস্থানরত স্বাস্থ্য প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকিরের সঙ্গে সভা থেকে যোগাযোগ করে তাঁর মতামত নেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।ছাত্র-চিকিত্সক-কর্মচারীদের ধর্মঘট স্থগিত: ছাত্র, চিকিত্সক ও শিক্ষকদের সমন্বয়ে গঠিত চিকিত্সক সংগ্রাম পরিষদ এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী ইউনিয়ন তাদের পাল্টাপাল্টি কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে। গত রাতে তারা পৃথক বৈঠকে ধর্মঘট স্থগিত করার সিদ্ধান্ত নেয়।চিকিত্সক সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক মনিলাল আইচ বলেন, স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে গতকাল রাতে সংগ্রাম পরিষদের প্রতিনিধিদের বৈঠক হয়। আলোচনার পর ধর্মঘট সাত দিনের জন্য স্থগিত করা হয়েছে। বৈঠকে মন্ত্রী গত বৃহস্পতিবার দুই চিকিত্সককে হাসপাতালে ঢুকতে বাধা দেওয়া, শিক্ষানবিশ চিকিত্সক ও ছাত্রলীগের নেতাদের ওপর হামলার বিচারসহ পাঁচ দফা দাবির বিষয়ে তিন সদস্যের শৃঙ্খলাবিষয়ক কমিটি গঠন করে দেন। এই কমিটির প্রতিবেদনের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মন্ত্রী। চিকিত্সকদের দাবি পূরণ না হলে সাত দিন পরে তাঁরা ধর্মঘটে যাবেন বলে জানান মনিলাল আইচ।চতুর্থ শ্রেণীর কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুল আলম বলেন, স্বাস্থ্যমন্ত্রী কর্মচারী নিয়োগ স্থগিত করায় তাঁরা ধর্মঘট স্থগিত করেছেন। গত রাতে ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সাধারণ সম্পাদক বলেন, কর্মচারী নিয়োগ বাতিল করা না হলে তাঁরা ধর্মঘটে যাবেন।গত বুধবার বিতর্কিত নিয়োগ বাতিলের দাবিতে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের মিছিল চলাকালে সরকারসমর্থিত চিকিত্সক সংগঠন স্বাধীনতা চিকিত্সক পরিষদের (স্বাচিপ) দুজন নেতা মনিলাল আইচ ও আবু ইউসুফ ফকির লাঞ্ছিত হন। এরপর কর্মচারীরা কলেজে গিয়ে কয়েকজন শিক্ষানবিশ চিকিত্সক ও ঢাকা মেডিকেল কলেজ ছাত্রলীগের নেতাকে মারধর করেন। পরে ছাত্র, চিকিত্সক ও শিক্ষকদের সমন্বয়ে গঠিত চিকিত্সক সংগ্রাম পরিষদ ও চতুর্থ শ্রেণীর কর্মচারী ইউনিয়ন পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে। চিকিত্সকেরা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল বজলে কাদেরের অপসারণ এবং হামলায় জড়িত কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক, আইনগত ব্যবস্থা নেওয়াসহ পাঁচ দফা দাবি তোলেন।আর কর্মচারীরা বিতর্কিত নিয়োগপ্রক্রিয়ায় জড়িত অভিযোগে দুই চিকিত্সকের বদলি ও কর্মচারী নিয়োগ বাতিলের দাবি করেন। তাঁরাও হাসপাতালের পরিচালকের অপসারণ দাবি করেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণীর ১৭১টি পদে গত ২৩ ডিসেম্বর থেকে নিয়োগের মৌখিক পরীক্ষা শুরু হয়। এর আগে চাকরিপ্রত্যাশীরা নিয়োগপ্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ করেন। নিয়োগপ্রক্রিয়া নিয়ে ওঠা অনিয়মের অভিযোগ তদন্তে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে দায়িত্ব দেওয়া হয়। এ ঘটনায় আলমগীর নামের একজন প্রার্থী হাইকোর্টে রিটও করেন। তদন্ত চলাকালেই ৩১ ডিসেম্বর রাতে পরিচালকের উপস্থিতিতে তাঁর দপ্তরে নিয়োগ কমিটির সদস্যরা নিয়োগপত্র তৈরি শুরু করেন। ওই সময় আবেদনকারীরা, তাঁদের স্বজন ও কিছু কর্মচারী নেতা পরিচালকের দপ্তরের সামনে গিয়ে প্রতিবাদও করেন। পুলিশের সহায়তায় পরে পরিচালক হাসপাতাল ছেড়ে চলে যান। পরদিন হাসপাতালের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. ফয়জুল্লাহর বেগুনবাড়ীর বাসায় নিয়োগপত্র তৈরি করে সেখানেই অনেকের হাতে তা তুলে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। আবেদনকারী ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা নিয়োগকে বিতর্কিত ও অবৈধ আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে ২ জানুয়ারি থেকে পরিচালকের দপ্তর ঘেরাও এবং দিনভর বিক্ষোভ মিছিল করে আসছিলেন। নানা অনিয়মের অভিযোগে স্বাস্থ্য মন্ত্রণালয়ও পরিচালক বজলে কাদেরকে কারণ দর্শাতে বলে।