ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দালালদের বিরুদ্ধে অভিযান
পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আজ বৃহস্পতিবার সকাল সোয়া নয়টার দিকে দালালদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান শুরু করেছে। এ পর্যন্ত পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তার দালালদের একজনের নাম হাসিয়া বেগম (৫০)। তিনি ২২৪ এলিফ্যান্ট রোড মেডিকেল কলেজ স্টাফ কোয়ার্টার্সের বাসিন্দা। অন্যজন হলেন রোকসানা বেগম (৪০)। তাঁর বাড়ি আগামসি লেনে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল হক মল্লিক অভিযোগ করেন, দীর্ঘকাল ধরে দালালেরা হাসপাতালে ভর্তি হতে আসা ও ভর্তি হওয়া রোগীদের ধোঁকা দিয়ে আশপাশের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে আসছে। সেখানে রোগীদের ভুল চিকিত্সা করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ ধরনের অভিযোগের ভিত্তিতে এ অভিযান চলছে বলে তিনি জানান।হাসপাতাল পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসেন জানান, দালালচক্র নির্মূল না হওয়া পর্যন্ত তাঁর নেতৃত্বে এই অভিযান চলবে।এদিকে প্রচার ও যোগাযোগ চালানোর জন্য ওষুধ প্রস্তুতকারী কোম্পানিগুলোর বিক্রয় প্রতিনিধিদের ঢাকা মেডিকেল কলেজে আসার দিন হিসেবে সোম ও বৃহস্পতিবার নির্দিষ্ট করা হয়েছে। কিন্তু তাঁরা এই নিয়ম ভেঙে প্রতিদিন ও হাসপাতালে ভিড় জমিয়ে বহির্বিভাগ ও অন্তর্বিভাগের চিকিত্সাকাজে ব্যাঘাত সৃষ্টি করছেন। এ কারণে ওষুধ বিক্রয় প্রতিনিধিরা নির্ধারিত ওই দুই দিনের বাইরে যাতে হাসপাতালে ঢুকতে না পারেন, তা নিশ্চিত করার ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সহকারী রেজিস্ট্রারকে নির্দেশ দেওয়া হয়েছে।