ঢাকা মেডিকেল কলেজে দুই দল শ্রমিকের সংঘর্ষে আহত ৩
ঢাকা মেডিকেল কলেজের ফিজিওলজি বিভাগে দুই দল শ্রমিকদের মধ্যে সংঘর্ষে কলেজের একজন কর্মচারীসহ তিনজন আহত হয়েছে। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে এ সংঘর্ষ বাধে। এ সময় ফিজিওলজি বিভাগে আধঘণ্টা ক্লাস বন্ধ থাকে। সংঘর্ষের সময় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।আহতেরা হলেন—রেজাউল, মোহাম্মদ রনি এবং ফিজিওলজি বিভাগের কর্মচারী শাহ আলম।ঢাকা মেডিকেল কলেজ সূত্রে জানা যায়, ঢাকা মেডিকেল কলেজের ফিজিওলজি বিভাগের কক্ষের ভেতরে এবং বারান্দায় ঠিকাদার রুহুল কুদ্দুস ও আখতারুজ্জামানের অধীনে দুই দল শ্রমিক টাইলস স্থাপনের কাজ করছেন।রুহুল কুদ্দুসের অধীন আহত শ্রমিক রনি জানান, কিছুদিন আগে তাঁদের একটি ছেনি ও হাতুড়ি চুরি হয়। তাঁদেরই দলের শ্রমিক জসীম আখতারুজ্জামানের অধীন একজন শ্রমিকের হাতে একটি ছেনি দেখতে পান। জসীম সেটি দেখতে চাইলে ওই শ্রমিক তা দেখাতে রাজি হয়নি। এ নিয়ে তাঁদের মধ্যে বাগবিতণ্ডা দেখা দেয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় তারা পরস্পরের দিকে ইটপাটকেলও নিক্ষেপ করে। দুই পক্ষের মাঝখানে পড়ে ফিজিওলজি বিভাগের কর্মচারী শাহ আলম আহত হন। রুহুল কুদ্দুসের অধীন শ্রমিকেরা অভিযোগ করেন, আখতারুজ্জামানের অধীন শ্রমিকেরা রেজাউলকে কোদাল দিয়ে এবং রুনিকে ছেনি দিয়ে কুপিয়ে আহত করে। তবে এ বিষয়ে কথা বলার জন্য আখতারুজ্জামান পক্ষের কাউকে পাওয়া যায়নি।ফিজিওলজি বিভাগের ছাত্র এহসান জানান, বিভাগের একটি কক্ষে তাঁদের ক্লাস চলছিল। সংঘর্ষের কারণে তাঁদের ক্লাস আধঘণ্টা বন্ধ থাকে। আরেকজন ছাত্র আসাদুজ্জামান জানান, ঘটনার আকস্মিকতায় তাঁরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন।গণপূর্ত বিভাগের কর্মকর্তা প্রকৌশলী সতীনাথ বসাক ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের ধমক দিয়ে সংঘর্ষ থামানোর চেষ্টা করেন। পরে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘এ ব্যাপারে আমাদের কিছু করার নেই।’