ঢাকা মেডিকেল কলেজে নিয়োগবঞ্চিতদের অনশন অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী পদে নিয়োগবঞ্চিত ব্যক্তিরা তাঁদের অনশন আজ মঙ্গলবারও অব্যাহত রেখেছেন। অনশনকারীরা তাঁদের নিয়োগ বাতিলের সরকারি আদেশ বাতিল ও নিয়োগ বাণিজ্যে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এদিকে গতকাল পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আন্দোলনরত ১২ জন পুরুষ ও একজন নারী গতকাল বিকেলে শহীদ মিনারে নিজেদের শরীরে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন। তাঁদের অগ্নিদগ্ধের আশঙ্কায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তবে আজ মঙ্গলবার বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিত্সকেরা জানিয়েছেন, যাঁরা গতকাল হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তাঁদের শরীরে অগ্নিদগ্ধের কোনো চিহ্ন নেই। খুব সম্ভবত তাঁরা শরীরে বাঁধা ব্যান্ডেজে আগুন ধরিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন। মোহাম্মদ জুম্মন নামের নিয়োগবঞ্চিত এক অনশনকারী প্রথম আলোকে বলেন, নিয়োগে যদি কোনো রকম অনিয়ম হয়ে থাকে, তাহলে সেটার দায়িত্ব আমরা নেব কেন? তিনি আরও বলেন, নিয়োগের সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিছু অসাধু লোকজনের দুর্নীতির কারণে তাঁরা আজ নিয়োগবঞ্চিত। তিনি সবার নিয়োগ পুনর্বহালের দাবি জানান। তিনি নিয়োগ বাণিজ্যে জড়িত অসাধু কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। অনশনকারীরা আরও জানিয়েছেন, নিয়োগ বাতিলের সরকারি আদেশ বাতিল না করা পর্যন্ত তাঁরা অনশন চালিয়ে যাবেন।