ঢাকা মেডিকেল কলেজের ছাত্রীর লাশ উদ্ধার
ঢাকা মেডিকেল কলেজের ছাত্রীদের নিউ হোস্টেল থেকে আজ বৃহস্পতিবার দুপুরে পাপিয়া ভট্টাচার্য (২৪) নামের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি চতুর্থ বর্ষের ছাত্রী ছিলেন বলে জানা গেছে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, আজ বেলা দেড়টার দিকে খবর পেয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম, কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ কয়েকজন ড. আলীম চৌধুরী হলের পাশে নির্মিত নিউ হোস্টেলে যান। সেখানে তিন তলার একটি কক্ষ থেকে ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত পাপিয়ার লাশ উদ্ধার করেন তাঁরা। ময়নাতদন্তের জন্য লাশটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।রুমমেটদের বরাত দিয়ে কলেজের উপাধ্যক্ষ ইসমাইল খান সাংবাদিকদের বলেন, দেড় বছর আগে যুক্তরাষ্ট্রে পাপিয়ার একমাত্র ভাই মারা যান। এর পর থেকে পাপিয়া মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। তিনি মনোরোগ বিশেষজ্ঞেরও শরণাপন্ন হয়েছিলেন। এরই পরিপ্রেক্ষিতে পাপিয়া আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারীতে। বাবার নাম অরূপ ভট্টাচার্য।