ঢাকা মেডিকেল স্কুলের যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতি ফেব্রুয়ারিতে সর্বস্তরে বাংলা ভাষা চালু করার উচ্চকিত দাবি আমাদের দেশে গত অর্ধশতাব্দীর বেশি সময় ধরে প্রায় রেওয়াজ হিসেবে চলে আসছে। এ সময় থেকে, বিশেষত, উচ্চপর্যায়ের শিক্ষায় বাংলা মাধ্যমের প্রচলন এবং এর অন্তরায় নিয়ে বহু সারগর্ভ আলোচনা হচ্ছে। তার পরের অবস্থা সেই পুনর্মুশিকভব।কাজেই এই রেওয়াজের ব্যত্যয় ঘটিয়ে অসময়ে উচ্চশিক্ষায় বাংলা প্রচলনের প্রসঙ্গ অবতারণার কারণ ব্যাখ্যা করা আবশ্যক। সেটি হলো আজকের এই দিন। ১৫ জুন। আজ থেকে পাক্কা ১৩৬ বছর আগে এই দিনটি থেকেই বাংলাদেশে আধুনিক চিকিৎসাবিজ্ঞানের প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম চালু হয়েছিল। এবং সেখানে পড়ানো হতো মাতৃভাষা বাংলায়। শুধু তা-ই নয়, বিস্ময়কর মনে হলেও ইতিহাস সাক্ষী দিচ্ছে যে, তখন চিকিৎসাবিজ্ঞানের প্রয়োজনীয় পাঠ্যপুস্তকও প্রণীত হয়েছিল বাংলাতেই।পুরোনো পুস্তকাদির পাতায় তাকিয়ে শতাব্দীর ওপারে একটু আলো ফেলা যাক। ব্রিটিশ ভারতে পূর্ববঙ্গের শিক্ষার্থীরা কলকাতা মেডিকেল স্কুলে চিকিৎসাশিক্ষা গ্রহণ করে জনসাধারণকে চিকিৎসাসেবা দিতেন। সেখানে সরকারিভাবে পূর্ববঙ্গের শিক্ষার্থীদের জন্য এক-তৃতীয়াংশ আসন বরাদ্দ থাকত। ক্রমে চিকিৎসাসেবা বিস্তারের প্রয়োজনীয়তা দেখা দেয়। পূর্ববঙ্গ ও আসামের জনসাধারণকে চিকিৎসাসেবা দেওয়ার জন্য পূর্ববঙ্গের রাজধানী ঢাকা ও বিহারের রাজধানী পাটনায় মেডিকেল স্কুল প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়।এই পরিকল্পনা করেছিলেন তখনকার গভর্নর জেনারেল জর্জ ক্যাম্পবেল, ১৮৭৩ সালে। দুই বছরের মাথায় ঢাকায় মেডিকেল স্কুলটি চালু হয়েছিল মিটফোর্ড হাসপাতালে। প্রথম পাঠদান শুরু হয়েছিল ১৮৭৫ সালের ১৫ জুন, ৩৮৪ জন ছাত্র নিয়ে। বিস্তারিত তথ্য আছে খন্দকার মাহমুদুল হাসান প্রণীত বাংলাদেশের প্রথম ও প্রাচীন গ্রন্থে। এ প্রসঙ্গে মিটফোর্ড হাসপাতালের অতীত একঝলক দেখে নেওয়া যেতে পারে। এর নির্মাণ শুরু হয়েছিল ১৮৫৪ সালে।ঢাকার কালেক্টর ও আপিল বিভাগের জজ ছিলেন স্যার রবার্ট মিটফোর্ড। সে সময় সংক্রামক রোগে, বিশেষত, কলেরায় বিপুল প্রাণহানি ঘটত। দৈনিক ১৫০ থেকে ২০০ মানুষ কলেরায় মারা যেত। কিন্তু উপযুক্ত চিকিৎসাব্যবস্থা এখানে ছিল না। এই বিপুল প্রাণহানি তাঁকে অত্যন্ত মর্মাহত করেছিল। বাংলাপিডিয়ার তথ্যে আছে, ১৮৩৬ সালে মৃত্যুর আগে রবার্ট মিটফোর্ড তাঁর আট লাখ ঢাকার সম্পত্তির বেশির ভাগই ঢাকার জনকল্যাণের কাজে এবং একটি হাসপাতাল নির্মাণের জন্য উইল করে যান। অবশ্য তাঁর উত্তরাধিকারীরা এতে প্রসন্ন বোধ করেননি। তাঁরা আদালতের দ্বারস্থ হয়েছিলেন। অবশেষে আদালত এক লাখ ৬৬ হাজার টাকা দানের অনুমোদন দেন। সেই অর্থেই হাসপাতালটির নির্মাণকাজ শুরু হয়েছিল। পরে অবশ্য এতে ঢাকার অনেক দানশীল ব্যক্তি উদার হস্তে দান করেছেন। বিশেষত, ১৮৮২ সালে নবাব আহসানউল্লাহ ও ভাওয়ালের রাজা রাজেন্দ্র নারায়ণের দানে এখানে প্রথম মহিলা ওয়ার্ড প্রতিষ্ঠিত হয়। যা হোক, এসব অন্য প্রসঙ্গ। এবার মূল বিষয়ে ফেরা যাক।তৎকালীন বঙ্গবন্ধু পত্রিকার তথ্য অনুসারে, ঢাকা মেডিকেল কলেজের প্রথম শিক্ষকমণ্ডলীতে ছিলেন দূর্গাদাস রায়, উমাচরণ দাস, কালীচন্দ্র দত্ত, প্রকাশচন্দ্র সেন ও সূর্যনারায়ণ সিংহ। প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মোডিকেল স্কুলে ভর্তি হতে হতো। এখান থেকে পাস করা চিকিৎসকেরা ‘এলএমএফ ডাক্তার’ হিসেবে কর্মক্ষেত্রে যোগ দিতেন। দেশের প্রথম মুসলিম চিকিৎসাবিজ্ঞানী কাজী আবদুস সাত্তারও ছিলেন ঢাকা মেডিকেল স্কুলের ছাত্র। তিনি ১৮৯৫ সালে এখান থেকে এলএমএফ ডিগ্রি নেন। পরে ১৯০৯ সালে ‘কলকাতা কলেজ অব ফিজিসিয়ান্ড অ্যান্ড সার্জেন্ট অব ইন্ডিয়া’ থেকে এমবিবিএস ডিগ্রি নিয়েছিলেন। এলএমএফ ডিগ্রি নেওয়ার পর দুই বছর একটি বিশেষ কোর্স সম্পন্ন করলে এমবিবিএস ডিগ্রি দেওয়া হতো।ঢাকা মেডিকেল স্কুলে পড়ালেখার কাজ চলত বাংলায়। অতএব, বাংলা বইয়ের দরকার। পত্রপত্রিকার প্রয়োজন। কোনো অজুহাত না তুলে শিক্ষকেরাই সেই প্রয়োজনীয়তা পূরণে উদ্যোগী হয়েছিলেন। সূর্যনারায়ণ ঘোষ, কালীচন্দ্র দত্ত ও দূর্গাদাস রায় উদ্যোগী হয়ে ভিষগ নামে চিকিৎসাবিষয়ক একটি বিজ্ঞান সাময়িকী প্রকাশ করেছিলেন। ঢাকা থেকে ১৮৮০ সালে প্রকাশিত এই সায়মিকীই ছিল আধুনিক চিকিৎসাবিজ্ঞান-বিষয়ক প্রথম সাময়িকী। বাংলায় চিকিৎসাবিজ্ঞানের বইগুলোর মধ্যে কয়েকটির নাম পাওয়া গেছে। এগুলো হলো কাশীচন্দ্র গুপ্তের অস্ত্র চিকিৎসা, হরিপ্রসাদ চক্রবর্তী রচিত ডাক্তারি অভিধান, সূর্যনারায়ণ ঘোষ প্রণীত অস্ত্র চিকিৎসা, চুনিলাল দাসের নিদান ও রুগ্নদেহ সূক্ষ্মতত্ত্ব ইত্যাদি। এই বইগুলো প্রকাশিত হয়েছিল ১৮৮১ থেকে ১৮৯২ সালের মধ্যে।ঢাকা মেডিকেল স্কুলের শিক্ষা কার্যক্রম চলেছে বেশ দীর্ঘকাল। ১৯৫৭ সাল পর্যন্ত এই প্রতিষ্ঠান থেকে এলএমএফ (লাইসেন্স অব মেডিকেল ফ্যাকাল্টি) সনদ দেওয়া হতো। এরপর বন্ধ হয়ে যায়। ১৯৬৩ সাল থেকে এখানে চালু হয় এমবিবিএস কোর্স। তবে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় ১৯৭২ সালে। নবাব পরিবারের দানশীলতা স্মরণ করে এর নামকরণ করা হয়েছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। পাঠ্যক্রমের উন্নতি ঘটেছে, উন্নত হয়েছে চিকিৎসা-সুবিধা, কেবল পাঠ্যক্রম থেকে হারিয়ে গেছে মাতৃভাষা।