ঢাকা মেডিকেলে অ্যানথ্রাক্স রোগী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসুস্থ গরুর মাংস খেয়ে অ্যানথ্রাক্সে আক্রান্ত বাবা ও ছেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। বাবা মোহাম্মদ আবু হানিফের অবস্থার উন্নতি হচ্ছে। তবে পাঁচ বছরের শিশু আমীর হামজার অবস্থা এখনো আশঙ্কাজনক বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসক।মোহাম্মদ আবু হানিফের বাড়ি সিরাজগঞ্জের কামারখন্দের ধলেশ্বর গ্রামে। আবু হানিফ গতকাল শনিবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, গরুর মাংস খেয়ে তাঁর পরিবারের তিনজন এই রোগে আক্রান্ত হয়। এদের মধ্যে তাঁকে ও তাঁর ছেলেকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ৩০ আগস্ট। ঢাকা মেডিকেলের চিকিৎসকেরা জানিয়েছেন, এরা ঢাকা মেডিকেলে আসা অ্যানথ্রাক্স আক্রান্ত প্রথম রোগী।আবু হানিফ বলেন, ১০-১২ দিন আগে তাঁর পাশের বাড়ির মোসলেম উদ্দিনের একটি গরু অসুস্থ হয়ে পড়ে। মোসলেম উদ্দিন গরুটি জবাই করে এই মাংস বিক্রি করেন। ওই গরুর মাংস তিনিও কিনেছিলেন। তিনি বলেন, যারা মাংস খেয়েছিল, তাদের অনেকেই অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছে। তিনি এ রকম ১৪ জনের কথা জানান।অ্যানথ্রাক্স ধরা পড়ার পর প্রথমে তাঁরা সিরাজগঞ্জে চিকিৎসা নিয়েছেন। অবস্থার কোনো উন্নতি না হওয়ায় তাঁরা ঢাকা মেডিকেলে চলে আসেন।গতকাল সংশ্লিষ্ট চিকিৎসকেরা বলেন, যে সময় তাঁরা ভর্তি হয়েছিলেন, তখন তাঁদের অবস্থা খুব খারাপ ছিল। এই কয়েক দিনে আবু হানিফের অবস্থার খানিকটা উন্নতি হয়েছে। তবে ঢাকা মেডিকেলে গিয়ে দেখা যায়, শিশুটির চোখ, কান ও নাকসহ গোটা মুখমণ্ডল ফুলে আছে। সে ডান চোখে দেখতে পারছে না।