ঢাকা মেডিকেলে আট ঘণ্টার ব্যবধানে দুটি মোটরসাইকেল চুরি
মাত্র আট ঘণ্টার ব্যবধানে আজ মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় ও জরুরি বিভাগের পাশ থেকে হাসপাতালের এক চিকিত্সক ও এক ব্যবসায়ীর মোটরসাইকেল চুরি হয়েছে।এর আগে জরুরি বিভাগের পাশ থেকে আরও বেশ কয়েকটি মোটরসাইকেল চুরি হলেও পরিচালকের কার্যালয়ের পাশ থেকে এবং একই দিনে দুটি মোটরসাইকেল চুরির ঘটনা এটাই প্রথম।মোটরসাইকেলের মালিক হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিত্সক একরামুল হক প্রথম আলোকে বলেন, আজ সকাল ১০টার দিকে তিনি হাসপাতালের প্রশাসনিক ভবনে পরিচালকের কার্যালয়ের পাশে গাড়ি রাখার স্থানে তাঁর মোটরসাইকেল রেখে ভেতরে ঢোকেন। কাজ শেষে বেলা ১২টায় বের হয়ে দেখেন, মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। পরে তিনি বিষয়টি কর্তৃপক্ষকে জানান।চিকিত্সক বলেন, ওই স্থানে আনসার সদস্যরা দায়িত্বে থাকেন। লাগানো আছে সিসি ক্যামেরাও। চিকিৎসক ভাবায় হয়তো আনসার সদস্যের সন্দেহ হয়নি। সিসি ক্যামেরায় দেখা গেছে, মোটরসাইকেলটি বেলা ১১টা ২০ মিনিটে চুরি হয়েছে। লোকটি হেলমেট পরা থাকায় চেহারা শনাক্ত করা যায়নি। এ বিষয়ে শাহবাগ থানায় তিনি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।এদিকে অন্য মোটরসাইকেলের মালিক ব্যবসায়ী খায়রুল ইসলাম সাংবাদিকদের বলেন, আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি হাসপাতালে ভর্তি এক অসুস্থ আত্মীয়কে দেখতে যান। হাসপাতালের জরুরি বিভাগের পাশে মোটরসাইকেল রেখে তিনি ভেতরে ঢোকেন। প্রায় দেড় ঘণ্টা পর বের হয়ে দেখেন, তাঁর মোটরসাইকেলটি নেই। পরে তিনি শাহবাগ থানায় জিডি করেন।শাহবাগ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শাহজাহান দুটি জিডি হওয়ার কথা নিশ্চিত করেন।