ঢাকা মেডিকেলে ওষুধ পাচারের সময় ওয়ার্ড বয় আটক
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সরকারি ওষুধ পাচারের সময় আজ মঙ্গলবার সকালে একজন ওয়ার্ড বয়কে আটক করে পুলিশে সোপর্দ করেছে কর্তৃপক্ষ। আটক হওয়া ব্যক্তির নাম নাসিরউদ্দিন। তিনি হাসপাতালের ২১০ নম্বর ওয়ার্ডে কাজ করছিলেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল পৌনে নয়টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ ২১০ নম্বর ওয়ার্ড থেকে ব্যাগ ভর্তি ওষুধ পাচারের সময় নাসিরকে আটক করা হয়। তাঁকে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমানের কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে ব্যাগ খুলে ভেতরে বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া যায়। এসব ওষুধ হাসপাতালের রোগীদের জন্য সরকারের কাছ থেকে বরাদ্দ পাওয়া। এগুলোর আনুমানিক মূল্য ৩৭ হাজার টাকা বলে জানায় কর্তৃপক্ষ। নাসিরকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।নাসিরের দেওয়া তথ্যের বরাত দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নাসির এসব ওষুধ বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিদের কাছে বিক্রি করে আসছিলেন। ওই প্রতিনিধিরা তা বিভিন্ন মফস্বল অঞ্চলে সরবরাহ করেন। নাসিরের ভাষ্য, তাঁর মতো অনেকে এই পাচারকাজে জড়িত। পরিচালক মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, এ ব্যাপারে হাসপাতালের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।