ঢাকা মেডিকেলে গৃহবধূর মৃত্যু, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় আজ সকাল সাড়ে নয়টায় রোমানা আক্তার (২৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তাঁর স্বামী মনির হোসেনের বন্ধুর দেওয়া প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় শরীরে আগুন লাগিয়ে তাঁকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মহসিন নামে এক যুবককে আটক করা হয়েছে। পুলিশ এ কথা জানিয়েছে।রমনা থানার উপপরিদর্শক (এসআই) ইমাদুল হক বলেন, গত সোমবার রাত ১১টার দিকে বারডেম হাসপাতালের সামনের রাস্তা থেকে অগ্নিদগ্ধ অবস্থায় রোমানাকে উদ্ধার করে পুলিশ। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শরীরের বেশির ভাগ অংশই পুড়ে গিয়েছিল।মৃত্যুর আগে পুলিশের কাছে রোমানার দেওয়া জবানবন্দি থেকে জানা যায়, তিনি ও তাঁর স্বামী মনির হোসেন পল্লবীতে ভাড়া বাসায় থাকতেন। মনির কারওয়ান বাজারে মাছের শ্রমিক হিসেবে কাজ করতেন। সেখানে সম্প্রতি তাঁর সঙ্গে সোহেল নামে এক যুবকের পরিচয় হয়। এরপর তাঁদের বাসায় যাওয়া-আসা শুরু করেন তিনি। সোহেল রোমানাকে বোন বলে সম্বোধন করলেও একপর্যায়ে তাঁকে প্রেমের প্রস্তাব দেন। রোমানা ওই প্রস্তাব প্রত্যাখ্যান করায় মনিরকে মেরে ফেলার হুমকি দেন সোহেল। এ ঘটনায় গত সোমবার রোমানা স্বামীকে না জানিয়ে সোহেলের গাজীপুরের বাড়িতে যান। সেখানে তিনি তাঁর স্বামীকে না মারার জন্য সোহেলকে অনুরোধ করেন। কিন্তু সোহেল দরজা লাগিয়ে রোমানার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে তিনিই (সোহেল) তাঁকে হাসপাতালের সামনে ফেলে যান। ইমাদুল হক জানান, আটক মহসিন মনিরের বন্ধু। মহসিন ও রোমানা বাড়ি বাড়ি গিয়ে ফেরি করে প্রসাধন সামগ্রী বিক্রি করতেন।মনির প্রথম আলো অনলাইনকে জানান, অনেকদিন ধরেই সোহেল রোমানাকে বিরক্ত করে আসছিলেন। তাঁকে রোমানার পিছু ছাড়ার জন্য অনুরোধ করা হলেও তিনি শোনেননি। মনির দাবি করেন, সোহেলই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।