ঢাকা মেডিকেলে বিভিন্ন দাবিতে নার্সদের বিক্ষোভ প্রদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেবা পরিদপ্তরের পরিচালক জাহানারা বেগমকে দ্বিতীয় দফায় ওই পদে নিয়োগ না দেওয়া এবং নানা অভিযোগে অভিযুক্ত নার্স নেতা শাজাহান হাওলাদারের শাস্তির দাবিতে আজ বুধবার সকালে বিক্ষোভ করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নার্সরা। নার্সেস ঐক্য পরিষদের ব্যানারে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত তাঁরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ করেন। ফলে দুর্ভোগে পড়ে চিকিত্সা নিতে আসা রোগীরা।নার্সেস ঐক্য পরিষদের সহসভাপতি আনিছুর রহমান জানান, পরিচালক পদে জাহানারা বেগমের মেয়াদ আগামী জুনে শেষ হবে। দ্বিতীয় দফায় তাঁকে আবার এ পদে নিয়োগ দেওয়া হবে বলে তাঁরা খবর পেয়েছেন। কিন্তু নার্সরা চান না এ পদে তাঁকে আবার নিয়োগ দেওয়া হোক। তাঁর অভিযোগ, নার্স নেতা শাজাহান হাওলাদার পরিচালকের সঙ্গে একজোট হয়ে নার্সদের হয়রানিমূলক বদলি ও নানা অনিয়ম করতেন। জাহানারা বেগমকে একই পদে আবার নিয়োগ দেওয়া হলে নার্সদের সঙ্গে এ ধরনের আচরণ আরও বেড়ে যাবে। প্রসঙ্গত, এর আগেও নার্সেস ঐক্য পরিষদের ব্যানারে নার্সরা এসব দাবিতে একাধিকবার মিছিল সমাবেশ ও বিক্ষোভ করেছেন।