ঢাকা মেডিকেলে সাংবাদিকদের প্রবেশে আবারও বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ গতকাল বৃহস্পতিবার সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন। কিন্তু আজ শুক্রবারও হাসপাতালে ঢুকতে সাংবাদিকদের বাধার মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হাসপাতাল সূত্র জানায়, সকালে বেসরকারি দুটি টিভি চ্যানেলের কয়েকজন সাংবাদিক সংবাদ সংগ্রহের জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে যান। এ সময় সেখানে কর্তব্যরত আনসার সদস্যরা বলেন, সাংবাদিকদের হাসপাতালে ঢুকতে দেওয়ার কোনো নির্দেশনা তাঁরা পাননি। এরপর মর্গ এলাকায় যাওয়ার পথে কয়েকজন সাংবাদিক একইভাবে আনসার সদস্যদের বাধার মুখে পড়েন। এ ব্যাপারে এটিএন নিউজের সাংবাদিক রাজীব ঘোষ বলেন, আনসার সদস্যদের বাধা পেয়ে তাঁরা হাসপাতাল থেকে ফিরে গেছেন।বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তাফিজুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, ‘সকালে আমি হাসপাতালে গিয়েছিলাম। কিছু শিক্ষানবিশ চিকিত্সক সাংবাদিকদের ঢুকতে বাধা দিয়েছেন বলে শুনেছি। পরে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন হাসপাতালে সাংবাদিক প্রবেশে আর কোনো বাধা থাকবে না।’গত ১৯ জুলাই ‘ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীকে চড় মারলেন চিকিত্সক’ এ নিয়ে গণমাধ্যমে খবর প্রচারিত হলে হাসপাতালের শিক্ষানবিশ চিকিত্সকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। পরদিন তাঁরা হাসপাতালে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা জারির দাবিতে সভা করেন এবং পাঁচজন সাংবাদিককে মারধর করেন। এরপর তাঁরা হাসপাতালে সাংবাদিক প্রবেশ ঠেকাতে লাঠিসোঁটা নিয়ে মহড়া দেন। উদ্ভূত পরিস্থিতি নিরসনে গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফের মধ্যস্থতায় হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারে সম্মত হন। তাঁরা আহত সাংবাদিকদের চিকিত্সার খরচ বহন করতেও রাজি হন।