ঢাকা মেডিকেলে সাংবাদিকদের বসার কক্ষে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পাশে সাংবাদিকদের বসার কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন হাসপাতালের শিক্ষানবিশ চিকিত্সকেরা। জরুরি বিভাগের বোর্ডে ‘হাসপাতালে সাংবাদিকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ’ লেখা ব্যানারও ঝুলিয়েছেন তাঁরা।গণমাধ্যমে হাসপাতালে শল্যচিকিত্সা বিভাগে চিকিত্সাধীন রোগী আরিফুলকে লাঞ্ছিত করার সংবাদ প্রকাশিত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ শিক্ষানবিশ চিকিত্সকেরা আজ বুধবার হাসপাতালে সাংবাদিকদের প্রবেশের ওপর এই কড়াকড়ি আরোপ করেন।দুপুর সাড়ে ১২টার দিকে জরুরি বিভাগের বাইরে সাংবাদিকদের হাসপাতালে নিষিদ্ধ করার দাবি জানিয়ে ওই ব্যানার টাঙান চিকিত্সকেরা। এরপর একদল শিক্ষানবিশ চিকিত্সক লাঠিসোঁটা হাতে সাংবাদিকদের বসার কক্ষের সামনে যান। এ সময় ওই কক্ষে শল্যচিকিত্সা বিভাগ থেকে ছাড়পত্র পাওয়া আরিফুল বসে ছিলেন। চিকিত্সকেরা তাঁকে ভেতরে রেখেই কক্ষটিতে তালা লাগান। সেখানে উপস্থিত কর্তব্যরত সাংবাদিকেরা দ্রুত নিরাপদ স্থানে চলে যান। খবর পেয়ে বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা হাসপাতালে ঢুকতে গেলে শিক্ষানবিশ চিকিত্সকেরা তাঁদের বাধা দেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মোস্তাফিজুর রহমান প্রথম আলো ডটকমকে জানান, পূর্ব অনুমতি নিয়ে হাসপাতালে প্রবেশের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। তবে প্রবেশ নিষিদ্ধ করা হয়নি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এ ব্যাপারে সংবাদ সম্মেলনে সিদ্ধান্ত হয়েছে।