ঢাকা মেডিকেলে ৩২৬ কর্মচারীর নিয়োগ বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিতর্কিত সেই নিয়োগ বাতিল করা হয়েছে। নানা অনিয়মের অভিযোগ সত্ত্বেও চার মাস আগে ৩২৬ কর্মচারী নিয়োগ দেয় প্রতিষ্ঠানটি। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয় চতুর্থ শ্রেণীর এই নিয়োগ বাতিল করে দেয়।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক শহিদুল হক মল্লিক প্রথম আলোকে বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো কর্মচারী নিয়োগ বাতিলের ফ্যাক্স বার্তা তিনি পেয়েছেন।নিয়োগ বাতিলের আদেশ প্রত্যাহারের দাবিতে নিয়োগ পাওয়া ব্যক্তিরা আজ দুপুরে শহীদ মিনারে অনশন শুরু করেন।ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠায় গত ১৫ জানুয়ারি স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক এই নিয়োগ স্থগিত করেন। তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পেয়ে নিয়োগ বাতিলের সুপারিশ করে মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেন। এর ভিত্তিতেই নিয়োগ বাতিল করা হয়।গত ২৯ নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীর ১৭১টি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১০ ডিসেম্বর। ২৩ ডিসেম্বর নিয়োগ পরীক্ষা শুরু হয়। এমএলএসএস পদে ৯৮ জন, সুইপার ৩২ জন, কুক-মশালচি ১৭ জন, নিরাপত্তাকর্মী ১৫ জন, গাড়িচালক পদে তিনজন, লিলেন কিপার (চাদর, মশারির রক্ষক) ও টেকনিশিয়ান পদে দুজন করে, ফটোগ্রাফার ও টেলিফোন অপারেটর পদে একজন করে নিয়োগের কথা বলা হয় বিজ্ঞপ্তিতে।১৭১টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হলেও নিয়োগপত্র ইস্যু করা হয় ৩২৬ জনের নামে। ১ জানুয়ারি নতুন নিয়োগ পাওয়া কয়েকজন হাসপাতালেও যোগ দেন। আবেদনকারী ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা নিয়োগকে বিতর্কিত ও অবৈধ আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে ২ জানুয়ারি থেকে তখনকার পরিচালকের দপ্তর ঘেরাও ও বিক্ষোভ করেন।গত ১৩ জানুয়ারি হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারী নেতারা দুই শিক্ষানবিশ চিকিত্সককে লাঞ্ছিত করেন। চিকিত্সকেরা নিয়োগ বাতিল ও হাসপাতালের পরিচালক বজলে কাদেরকে অপসারণের দাবিতে ধর্মঘটের ডাক দেন। পরে মন্ত্রণালয় নিয়োগ স্থগিত করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। ওই কমিটির সুপারিশেই এই নিয়োগ বাতিল করা হলো।