ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে ভাঙচুর
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোগী ভর্তি করা নিয়ে কর্মচারীদের সঙ্গে বাগবিতণ্ডার জেরে গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে।হাসপাতাল সূত্র জানায়, পাবনার সুজানগর থেকে শরীর ও চোখে আঘাত নিয়ে আসা এক রোগীকে হাসপাতালে ভর্তি করা নিয়ে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, মাসুদ নামের ওই রোগীকে প্রথমে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। জরুরি বিভাগ থেকে তাঁকে চক্ষু বিভাগে পাঠানো হয়। চক্ষু বিভাগ থেকে নিউরো সার্জারি বিভাগে পাঠানো হয়। নিউরো সার্জারি বিভাগ জানায়, রোগী সুস্থ। তাঁকে ভর্তি করা যাবে না। এ নিয়ে রোগীর স্বজনদের সঙ্গে হাসপাতালের ওয়ার্ড বয় ও কর্মচারীদের মধ্যে তর্ক ও হাতাহাতি হয়। রোগীর স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজে পড়ুয়া তাঁদের এক আত্মীয়কে জানান, তাঁদের একজনকে হাসপাতালে আটকে রাখা হয়েছে। এরপর ওই ছাত্র আরো কয়েকজনকে সঙ্গে নিয়ে জরুরি বিভাগে ব্যাপক ভাঙচুর চালান। এ ব্যাপারে হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মো. আমির হোসেন জানান, উদ্ভূত পরিস্থিতি নিয়ে হাসপাতালের পরিচালক ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে করণীয় ঠিক করবেন।