ঢাকা মেডিকেলের ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ বৈঠকের পর আজ শনিবার রাতে নার্স ও কর্মচারীরা তাঁদের ধর্মঘট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে।বৈঠক সূত্র জানায়, আজ সন্ধ্যার পর রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকের সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নার্স ও কর্মচারী সম্মিলিত সংগ্রাম পরিষদের নেতাদের বৈঠক হয়।এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ কাজী দীন মোহাম্মদ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তাফিজুর রহমান। সংগ্রাম পরিষদের নেতাদের আশ্বস্ত করে মন্ত্রী বলেন, ঢাকা মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয় করা হলে তা সবাইকে নিয়ে আলোচনা করেই করা হবে। তিনি বলেন, রোগীদের চিকিৎসাসেবায় যাতে কোনো ব্যাঘাত না ঘটে, এ ব্যাপারে সবার আন্তরিক হওয়া উচিত। এ সময় সংগ্রাম পরিষদের নেতারা কাল রোববার সভা করে আন্দোলন কর্মসূচি স্থগিত করবেন বলে মন্ত্রীকে জানিয়েছেন।জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী প্রথম আলোকে বলেন, ঢাকা মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয় করা হলে তা সংগ্রাম পরিষদের নেতাসহ সবার সঙ্গে আলোচনা করেই করা হবে। এরপর তাঁরা আজ রোববার সভা করে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেবেন বলে মন্ত্রীকে জানান।জানতে চাইলে নার্স ও কর্মচারী সম্মিলিত সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. আনিছুর রহমান ও সদস্যসচিব আবদুল খালেক প্রথম আলোকে জানান, মন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ আলোচনার পর সংগ্রাম পরিষদের নেতারা আন্দোলন কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। কাল সকালে পূর্বনির্ধারিত সভায় কর্মসূচি স্থগিত করার ঘোষণা দেওয়া হবে।ঢাকা মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয় করার সিদ্ধান্ত নেওয়া হলে তা প্রত্যাহারের দাবিতে গত ১৬ জানুয়ারি থেকে নার্সিং, তৃতীয় ও চতুর্থ শ্রেণী কর্মচারী সম্মিলিত সংগ্রাম পরিষদ দুই মাস ১৫ দিন ধরে কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।