ঢাকা মেডিকেলের ফরেনসিকে দুই নারী চিকিৎসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) ফরেনসিক মেডিসিন বিভাগে দুজন নারী চিকিৎসক ও দুজন আয়া নিয়োগ দেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব এম এম নিয়াজউদ্দিন আজ মঙ্গলবার প্রথম আলো ডটকমকে এ তথ্য জানান।স্বাস্থ্যসচিব আরও জানান, আজ সকালে এ দুই নারী চিকিৎসক ও দুজন আয়া নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে দেশের অন্য হাসপাতালের ফরেনসিক বিভাগে যেন নারী চিকিত্সক এবং আয়াদের নিয়োগ দেওয়া হয়, সে নির্দেশনাও দেওয়া হয়েছে।আজ ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগে ধর্ষণের শিকার নারীদের শারীরিক পরীক্ষার সমস্যা নিয়ে ‘প্রথম আলো’তে ‘নারীর জন্য এ কেমন ব্যবস্থা?’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। এর পরই সরকারের পক্ষ থেকে এই ব্যবস্থা নেওয়া হলো।এদিকে ‘প্রথম আলো’র এই প্রতিবেদন আমলে নিয়ে স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে নেওয়া ব্যবস্থা সম্পর্কে জানাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও ফরেনসিক বিভাগের প্রধানকে ২৮ এপ্রিলের মধ্যে আদালতে হাজির হতে বলা হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন ও রুল জারি করেন।ধর্ষণের শিকার নারীর শারীরিক ও বয়স নির্ধারণের পরীক্ষা পুরুষ চিকিৎসকের মাধ্যমে করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। এ বিষয়ে স্বাস্থ্যসচিব, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও অধ্যক্ষকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।