ঢাকা মেডিকেলের সামনের দোকানপাট ভাঙচুর, আগুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের আবাসিক ছাত্ররা গতকাল মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনের রাস্তার পাশের অস্থায়ী দোকানপাটে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন। হল ও হাসপাতালের কর্মচারীদের ছেলেদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং হলে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের পর রাত সোয়া ১০টার দিকে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম বলেন, শহীদুল্লাহ হল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারীদের ছেলেদের মধ্যে কথাকাটাকাটির জের ধরে এ ঘটনা ঘটেছে। পরে তা ছাত্রদের মধ্যে ছড়িয়ে পড়ে।শহীদুল্লাহ হলের ছাত্ররা জানান, তাঁরা জানতে পারেন যে রাত আটটার দিকে তাঁদের হলের এক কর্মচারীর ছেলে সজল হাসপাতালের সামনে এক রিকশাচালককে মারধর করে। হাসপাতালের এক কর্মচারীর ছেলে রুবেল এর প্রতিবাদ করলে এ নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে হলের কর্মচারীদের ছেলেরা ও হাসপাতালের কর্মচারীদের ছেলেরা সেখানে জড়ো হয় এবং দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। একজন প্রত্যক্ষদর্শী জানান, প্রথমে হাসপাতালের কর্মচারীদের ছেলেদের ধাওয়ায় হলের কর্মচারীদের ছেলেরা হলে ঢুকে যায়। হাসপাতালের কর্মচারীদের ছেলেরা হলে ইটপাটকেল নিক্ষেপ করে।শহীদুল্লাহ হলের ছাত্ররা অভিযোগ করেন, হাসপাতালের কর্মচারীদের ছেলেরা হলের টিভিরুমের জানালার কাচ ভাঙচুর করে।প্রত্যক্ষদর্শীরা জানান, এরপর শহীদুল্লাহ হলের বেশ কিছু ছাত্র রড ও লাঠি নিয়ে রাস্তায় নেমে আসেন। তাঁরা হাসপাতালের জরুরি বিভাগের সামনের রাস্তার পাশের বেশ কয়েকটি অস্থায়ী দোকানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় কয়েকটি গাড়িও ভাঙচুর হয়। দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও ভাঙচুরের সময় হাসপাতালের সামনের রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। রোগীদের স্বজনদের অনেকে হাসপাতালে আটকা পড়ে। অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ফায়ার সার্ভিসের সূত্র জানায়, আগুনে সাতটি দোকান ও ছয়টি রিকশাভ্যান পুড়ে গেছে।পুলিশের রমনা জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছাত্রদের হলে ফেরত পাঠানো হয়েছে। তিনি জানান, হাসপাতালের সামনের অস্থায়ী দোকানে চাঁদাবাজি নিয়ে এ ঘটনা ঘটে থাকতে পারে।শহীদুল্লাহ হলের প্রভোস্ট আজিজুর রহমান বলেন, এ ঘটনা তদন্তে অধ্যাপক জসিম উদ্দিনকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।