ঢাকা মেডিকেলের সিঁড়িঘর থেকে শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গসংলগ্ন নিউক্লিয়ার মেডিসিন ভবনের তৃতীয় তলার সিঁড়িঘর থেকে পুলিশ ছয় বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে। আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। শিশুটির নাম ইশরাত জাহান ওরফে রিয়া। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্পের দায়িত্বে থাকা মোজাম্মেল হক জানান, লাশটির বুকের নিচে ও নাকে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা তাকে হত্যা করা হয়েছে। পুলিশ লাশটি উদ্ধার করে শাহবাগ থানায় পাঠিয়েছে। শিশুটির মা রোজিনা বেগম জানান, গতকাল সোমবার তিনি অসুস্থতার কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে তিনি পরীক্ষা-নিরীক্ষা করান। এ-সংক্রান্ত রিপোর্ট নিতে আজ বেলা ১১টার দিকে তিনি হাসপাতালের বহির্বিভাগে যান। এ সময় একজন নারী ও পুরুষ নিরাপত্তাকর্মী হিসেবে পরিচয় দিয়ে তাঁকে জানায়, শিশুকে নিয়ে ভেতরে যাওয়া যাবে না। রোজিনা বেগম শিশুটিকে তাদের কাছে রেখে যান। পরে তিনি রিপোর্ট নিয়ে এসে দেখেন শিশুটি নেই। নিরাপত্তাকর্মী হিসেবে পরিচয় দেওয়া দুজনও নেই। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ-সংলগ্ন তৃতীয় তলার সিঁড়িঘরে শিশুটির লাশ পাওয়া যায়। শিশুটি তার মা, বাবার সঙ্গে হাজারীবাগে থাকত। তার বাবার নাম নুরুল ইসলাম। তিনি প্লাস্টিক ব্যবসায়ী।