ঢাকা মেডিকেলের ৩৫৪ কর্মচারীর নিয়োগ বাতিল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিতর্কিত সেই নিয়োগ বাতিল করা হয়েছে। নানা অনিয়মের অভিযোগ সত্ত্বেও চার মাস আগে ৩৫৪ জন কর্মচারীকে নিয়োগ দেয় প্রতিষ্ঠানটি। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয় চতুর্থ শ্রেণীর এই নিয়োগ বাতিল করে দেয়।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক শহিদুল হক মল্লিক প্রথম আলোকে বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো কর্মচারী নিয়োগ বাতিলের ফ্যাক্সবার্তা তিনি পেয়েছেন।নিয়োগ বাতিলের আদেশ প্রত্যাহারের দাবিতে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা গতকাল দুপুরে শহীদ মিনারে অনশন শুরু করেন। পরিচ্ছন্নতাকর্মী (সুইপার) পদে নিয়োগ পাওয়া মো. হানিফ প্রথম আলোকে বলেন, ‘নিয়োগ বাতিলের আদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন চালিয়ে যাব।’ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠায় গত ১৫ জানুয়ারি স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক এই নিয়োগ স্থগিত করেন। তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পেয়ে নিয়োগ বাতিলের সুপারিশ করে মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেয়। এর ভিত্তিতেই গতকাল নিয়োগ বাতিল করা হলো।গত বছরের ২৯ নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীর ১৭১টি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১০ ডিসেম্বর। ২৩ ডিসেম্বর নিয়োগ পরীক্ষা শুরু হয়। এমএলএসএস পদে ৯৮ জন, সুইপার ৩২, কুক/মসালচি ১৭, নিরাপত্তাকর্মী ১৫, গাড়িচালক পদে তিন, লিলেন কিপার (চাদর, মশারির রক্ষক) ও টেকনিশিয়ান পদে দুজন করে, ফটোগ্রাফার ও টেলিফোন অপারেটর পদে একজন করে নিয়োগের কথা বলা হয় বিজ্ঞপ্তিতে।চতুর্থ শ্রেণীর ১৭১টি পদে গত ২৩ ডিসেম্বর মৌখিক পরীক্ষা শুরু হয়। এর আগে চাকরিপ্রত্যাশীরা নিয়োগ-প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ করেন। তদন্তের দায়িত্ব দেওয়া হয় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে। আলমগীর নামের এক প্রার্থী হাইকোর্টে রিটও করেন। গত বছরের ৩১ ডিসেম্বর চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের মৌখিক পরীক্ষা শেষ হয়। কিন্তু তদন্তকালেই ৩১ ডিসেম্বর রাতে পরিচালকের উপস্থিতিতে তাঁর দপ্তরে নিয়োগ কমিটির সদস্যরা নিয়োগপত্র তৈরি শুরু করেন। আবেদনকারীরাসহ কিছু কর্মচারী নেতা পরিচালকের দপ্তরের সামনে গিয়ে প্রতিবাদও করেন। পরদিন হাসপাতালের ভারপ্রাপ্ত উপপরিচালক (এলপিআরে থাকা) মো. ফয়জুল্লাহর বেগুনবাড়ির বাসায় নিয়োগপত্র তৈরি করে সেখানেই অনেকের হাতে তা তুলে দেওয়া হয়।১৭১টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হলেও নিয়োগপত্র ইস্যু করা হয় ৩৫৪ জনের নামে। ১ জানুয়ারি নতুন নিয়োগ পাওয়া কয়েকজন হাসপাতালে যোগও দেন। আবেদনকারী ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা নিয়োগকে বিতর্কিত ও অবৈধ আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে ২ জানুয়ারি থেকে তখনকার পরিচালকের দপ্তর ঘেরাও ও বিক্ষোভ করেন। মন্ত্রণালয়ও পরিচালক বজলে কাদেরকে কারণ দর্শাতে বলে। পরে তাঁকে সে পদ থেকে সরিয়ে দেওয়া হয়।১৩ জানুয়ারি হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারী নেতারা দুই শিক্ষানবিশ চিকিত্সককে লাঞ্ছিত করেন। চিকিত্সকেরা নিয়োগ বাতিল ও হাসপাতালের পরিচালক বজলে কাদেরকে অপসারণের দাবিতে ধর্মঘটের ডাক দেন। পরে মন্ত্রণালয় নিয়োগ স্থগিত করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। ওই কমিটির সুপারিশেই এই নিয়োগ বাতিল হলো।