ঢাকা-ময়মনসিংহ মহা ‘ভোগান্তি’ সড়ক
গাজীপুরের শ্রীপুরের বাসিন্দা আবুল কালাম মাওনা বাজারের কাছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ একটি মালবাহী ট্রাক রাস্তার গর্তে পড়ে গেলে সজোরে এর টায়ার ফেটে যায়। ফাটা টায়ারের কিছু অংশ গর্তের পাশে থাকা ইটসহ ছুটে গিয়ে লাগে আবুল কালামের বুকে। হাসপাতালে নিয়ে গেলেও হতভাগা আবুল কালামকে (৩৫) বাঁচানো যায়নি। ৫ জুলাইয়ের এ ঘটনাটি মাওনা হাইওয়ে পুলিশ সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে লিপিবদ্ধ করে রেখেছে। গত সোমবার দুপুরেও এক ঘণ্টার মধ্যে মাওনা বাজারে গভীর গর্তে চাকা আটকে একটি বাস ও একটি লেগুনার চাকা ফেটে যায়। সরেজমিনে ঢাকা-ময়মনসিংহ সড়কের টঙ্গী থেকে ময়মনসিংহ পর্যন্ত অন্তত ১৫টি স্থানে বিশাল এলাকাজুড়ে গভীর গর্ত দেখা গেছে। একটু বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে যায়। তাতে যানবাহন আটকে যাচ্ছে এবং চাকা ফেটে দুর্ঘটনা ঘটছে। দীর্ঘস্থায়ী যানজট সৃষ্টি হচ্ছে। তিন ঘণ্টার ভ্রমণ ছয় থেকে সাত ঘণ্টা দীর্ঘ হচ্ছে। আর রাস্তায় বসে বসে ধুঁকছে সাধারণ মানুষ। টঙ্গী থেকে ময়মনসিংহ পর্যন্ত মহাসড়কটির দূরত্ব প্রায় ৯৯ কিলোমিটার। সড়ক ও জনপথ অধিদপ্তরের ময়মনসিংহ ও গাজীপুর কার্যালয়ের অধীন এই মহাসড়ক। সওজের এই দুটি কার্যালয় সূত্র জানায়, গভীর গর্ত ছাড়াও মহাসড়কের ৭০ ভাগ অংশের পিচ উঠে গেছে। মহাসড়ক মেরামত না করলে এই পথে ২৫ জুলাই থেকে যান চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ঢাকা ও ময়মনসিংহসহ এ অঞ্চলের পরিবহন মালিক ও শ্রমিকেরা। ১২ জুলাই থেকেই লাগাদার ধর্মঘটের ডাক দিয়েছিলেন তাঁরা। কিন্তু যোগাযোগমন্ত্রী ও জেলা প্রশাসকের অনুরোধে ১৫ দিন সময় দেন মালিক-শ্রমিকেরা। ময়মনসিংহ আন্তজেলা মোটর মালিক সমিতির কোচ শাখার সাধারণ সম্পাদক বিকাশ সরকার প্রথম আলোকে বলেন, মহাসড়কে বড় বড় গর্তের কারণে চাকা ফেটে যাচ্ছে, যন্ত্রাংশ বিকল হচ্ছে, বাসের বডি নষ্ট হচ্ছে। এতে তাঁদের ব্যয় বেড়ে যাচ্ছে। এ জন্য ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। মাওনা বাজারের হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক রইসউদ্দিন বলেন, গত বছর সেপ্টেম্বর মাসেই সড়কের দুরবস্থা দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বেতার বার্তা পাঠানো হয়। এখন প্রতিদিনই কোনো কোনো স্থানে যানবাহনের চাকা ফেটে দুর্ঘটনা ঘটছে। ময়মনসিংহ ছাড়াও টাঙ্গাইল ও কিশোরগঞ্জের কিছু অংশ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর ও গাজীপুরের শিল্প এলাকার লোকজন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ব্যবহার করে থাকে। অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্যও সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক শংকর সাহা বলেন, রোজার মধ্যে এই সড়কের মেরামত না হলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাবে। এটা তাঁরা ময়মনসিংহ জেলা প্রশাসককে বলেছেন। তিনি জানান, ময়মনসিংহে ৫৪ লাখ লোকের বাস। এখানে দৈনিক ১০০ ট্রাক খাদ্যপণ্য বাইরে থেকে আসে। কিন্তু সড়ক খারাপ বলে ট্রাকচালকেরা আসতে চান না। ট্রাকপ্রতি ভাড়াও বেড়ে গেছে দুই থেকে আড়াই হাজার টাকা। গাজীপুর অংশ: সরেজমিনে মহাসড়কের গাজীপুর অংশে ন্যাশনাল পার্কের ১ নম্বর গেট, জোসনা পেট্রলপাম্প, রাজেন্দ্রপুর চৌরাস্তা, ঢাকা ফিশারি, হোতাপাড়া, বিমানবাহিনীর রক্ষণাবেক্ষণ ইউনিট, মাওনা বাজার, মাওনা চৌরাস্তা এলাকায় গর্ত দেখা গেছে। এসব এলাকায় গর্তের আশপাশে পিচের নিচে থাকা আস্তর এবং চোখা ইট বিপজ্জনকভাব বেরিয়ে আছে। মহাসড়ক ঘেঁষে বাজার গড়ে ওঠায় ময়লা-আবর্জনা জমে বেশ কিছু স্থান ভাগাড়ে পরিণত হয়েছে। সওজের গাজীপুর কার্যালয়ের কর্মকর্তারা জানান, টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত মহাসড়কটি নিচু। একটু বৃষ্টি হলেই পানি জমে যায়। এর ফলেও সড়কের এ অংশে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। গত রোববার দুপুর ১২টা। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হচ্ছিল। মাওনা যাবেন কি না, সিএনজি অটোরিকশাচালক হোসেন মিয়াকে জিজ্ঞেস করলে বললেন, ‘দোজখে বললেও রাজি আছি, কিন্তু এই পথে না।’ঢাকা-ময়মনসিংহ পথে চলাচলকারী ড্রিমল্যান্ড পরিবহনের যাত্রী আতিকুর রহমান জানান, গত বৃহস্পতিবার তিনি ময়মনসিংহ থেকে সাত ঘণ্টায় ঢাকায় পৌঁছান। সৌদি আরব প্রবাসী জহিরুল ইসলাম হোতাপাড়ার বাসিন্দা। তিনি দুঃখ করে বলেন, গত সপ্তাহ গাজীপুর চৌরাস্তা থেকে হোতাপাড়া আসতে তাঁঁর চার ঘণ্টা লেগেছে। সৌদি আরব থেকে বাংলাদেশে আসতে যে সময় লাগে, তার চেয়ে বেশি লাগে ঢাকা থেকে হোতাপাড়া আসতে।’ ভালুকা: ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা থেকে মাস্টারবাড়ী পর্যন্ত প্রায় পুরো সড়কেই লাল ইট দেখা যায়। কাঁদা পানির ‘ডোবা’ আর মাঝ সড়কে বেরিয়ে আসা বড় বড় ইট পার হওয়ার সময় যানবাহনগুলো দুলতে থাকে। ভালুকা ডিগ্রি কলেজের অধ্যাপক মো. মোজাম্মেল হক বলেন, ‘প্রতিদিন ময়মনসিংহ থেকে বাসে এসে কলেজ করি। ৪০ মিনিটের পথ দেড় ঘণ্টা লাগে। বাস যখন গর্তে পড়ে দোল খায়, তখন মনে হয়, নদীতে নৌকায় বসে আছি। শরীরেও ব্যথা লাগে।’সওজের ময়মনসিংহ বিভাগের নির্বাহী প্রকৌশলী জার্জিস হোসেন প্রথম আলোকে বলেন, প্রায় পাঁচ মাস আগে তাঁরা মহাসড়কের তাঁদের অংশ চার লেন প্রকল্পের কাছে হস্তান্তর করে দিয়েছেন। এখন মেরামত ওই প্রকল্পের অধীনে হবে। চার লেনের ফাঁদে মহাসড়ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লেনে উন্নীত করার হবে—এ অজুহাতে দুই বছর ধরে এর কোনো মেরামত হয়নি। সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) সূত্রে জানা গেছে, গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহ পর্যন্ত মহাসড়কটির ৮৭ কিলোমিটার চার লেন করার লক্ষ্যে ৯০৫ কোটি টাকার প্রকল্প নেয় সরকার। গত জানুয়ারি মাসে চার প্যাকেজে (চার ভাগে) ঠিকাদারও নিয়োগ হয়। কিন্তু জয়দেবপুর থেকে মাওনা পর্যন্ত ৩০ দশমিক ২৫ কিলোমিটার অংশের দরপত্র প্রক্রিয়ায় জালিয়াতির অভিযোগে ঠিকাদারের নিয়োগ বাতিলের প্রক্রিয়া শুরু করেছে যোগাযোগ মন্ত্রণালয়। এই অংশের জন্য ঠিকাদার নিয়োগ করা হয়েছিল চীনের এইচআরবিসি এবং বাংলাদেশের ইন্ট্রাকো বিডিকে। সওজ সূত্র জানায়, চুক্তি সইয়ের পর চীনা কোম্পানি এইচআরবিসি যোগাযোগ মন্ত্রণালয়ে চিঠি দিয়ে জানিয়ে দেয়, তারা এই দরপত্রে অংশ নেয়নি। তাদের নাম ব্যবহার করে এবং কাগজপত্র জাল করে ইন্ট্রাকো দরপত্রে অংশ নেয়। এ অবস্থায় নতুন করে দরপত্র আহ্বান এবং ঠিকদার নিয়োগ করে কাজ শুরু অনিশ্চিত হয়ে পড়েছে বলে প্রকল্প-সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানিয়েছেন। জয়দেবপুর থেকে মাওনা পর্যন্ত অংশটুকু চার লেন করার লক্ষ্যে ঠিকাদারের সঙ্গে ৩৩০ কোটি টাকার চুক্তি হয়েছিল। যোগাযোগ মন্ত্রণালয় সূত্র জানায়, ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই অনুষ্ঠানে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, মন্ত্রণালয়ের সচিব ও সওজের প্রধান প্রকৌশলী উপস্থিত ছিলেন। চীনা প্রতিষ্ঠান এইচআরবিসির কোনো প্রতিনিধি ছিলেন না। সওজের একজন কর্মকর্তা বলেন, যে প্রতিষ্ঠান ৭০ ভাগ বিনিয়োগ করবে বলে বলা হয়েছে, চুক্তি সই অনুষ্ঠানে সেই প্রতিষ্ঠানের প্রতিনিধি না থাকাবস্থায় চুক্তি হয় কীভাবে? এ থেকে বোঝা যায়, সওজের প্রকৌশলী ও যোগাযোগ মন্ত্রণালয়ের সঙ্গে যোগসাজশেই এটা করা হয়েছে। সওজ সূত্র জানায়, গাজীপুরের মাওনা থেকে ত্রিশালের রায়মণি পর্যন্ত ২৯ দশমিক ৬০ কিলোমিটার চার লেন করার ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে এমবিইসি-পিবিএল (যৌথ)। তাদের সঙ্গে চুক্তি হয় প্রায় ২৮৪ কোটি টাকার। রায়মণি থেকে ময়মনসিংহ পর্যন্ত বাকি ২৭ দশমিক ৩৩ কিলোমিটারের কাজ পেয়েছে এসইএল-টিওএমএ (যৌথ)। তাদের সঙ্গে চুক্তি হয় ২৬৬ কোটি টাকায়। সরেজমিনে দেখা গেছে, মাওনা থেকে ময়মনসিংহ অংশের ময়মনসিংহ বাইপাস থেকে ওই উপজেলার চুরখাই পর্যন্ত এবং ত্রিশালের রাঘামারা থেকে চেলেরঘাট পর্যন্ত সড়কের দুই পাশের গাছ কেটে ফেলা হচ্ছে। এক মাস ধরেই এ কাজ চলছে বলে ঠিকাদার ও স্থানীয় লোকজন জানান। তবে সড়কের খানাখন্দ মেরামতে কোনো উদ্যোগ চোখে পড়েনি।সার্বিক বিষয়ে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন প্রথম আলোকে বলেন, পৌরসভাগুলো পানি নিষ্কাশনের ব্যবস্থা না রাখায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পানি জমে থাকে। এর ফলে সড়ক ভেঙে যাচ্ছে। চার লেন প্রকল্পের বাইরে সাময়িক মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। ঠিকাদারের জালিয়াতি সম্পর্কে মন্ত্রী বলেন, মূল্যায়ন পর্বে আরেকটু সতর্ক হলে এমনটা হতো না। কারও গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে।